ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ ভুয়া চিকিৎসক আটক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে গতকাল শনিবার ভুল চিকিৎসায় জ্যোৎস্না বেগম (৪০) নামের এক রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজন ও এলাকাবাসী ওই ক্লিনিকে হামলা ও ভাঙচুর করে। এ ছাড়া ওই ক্লিনিকের মালিক ও ‘কথিত এমবিবিএস চিকিৎসক’ স্বপন কুমারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্বপন নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করলেও তিনি আসলে পল্লি চিকিৎসক বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর নাকের মাংস বেড়ে গিয়েছিল। গতকাল সকাল ১০টার দিকে ‘পারিবারিক স্বাস্থ্যকেন্দ্র’ নামের ওই ক্লিনিকে স্বপন কুমার ওই মাংস অপসারণে অস্ত্রোপচার করেন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি গোপন রাখে। সন্ধ্যায় স্বজনদের জানানো হয় রোগীর জ্ঞান ফেরেনি। রাত সাড়ে আটটার দিকে রোগীর মৃত্যুরও খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, স্বপন পল্লি চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ নেওয়ার একটি কাগজ দেখিয়েছেন। তাঁর ক্লিনিকটিরও কোনো লাইসেন্স তিনি দেখাতে পারেননি। ওই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।