ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর অভিযোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। ওই ছাত্রীর নাম আফিয়া জাহিন (২০)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
আফিয়ার বড় বোন ও বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিযোগ করেন, আফিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও তাঁকে চিকিৎসা দেওয়া হয় ব্লাড ক্যানসারের।
তবে সেন্ট্রাল হাসপাতালের অন্যতম পরিচালক অধ্যাপক মতিউর রহমান প্রথম আলোকে বলেন, আফিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়নি। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। লিউকোমিয়া ও বোন ম্যারোর সমস্যা থাকতে পারে এমন সন্দেহ থাকায় তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করাতে বলা হয়েছিল। কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছিল ডেঙ্গু জ্বরের। তিনি আরও বলেন, গতকাল ভোররাতে তাঁর মস্তিষ্ক কাজ করছিল না। এরপর হৃদ্যন্ত্র কাজ না করায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দেওয়া হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আফিয়া আজিমপুরে মেস ভাড়া নিয়ে থাকতেন। ছয় দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার সকালে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে নেওয়ার পর তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আফিয়ার রক্ত পরীক্ষার প্রতিবেদন দেখে একজন অধ্যাপক বলেন, আফিয়া ব্লাড ক্যানসারে আক্রান্ত। এরপর তাঁকে হাসপাতালের অনকোলজি বিভাগে স্থানান্তর করা হয়। গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে আফিয়া মারা যান। আফিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাটের লাসমানপুরে। তাঁর বাবা শেফাউর রহমান অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দুই বোনের মধ্যে আফিয়া ছোট।
আফিয়াকে মৃত ঘোষণার আগেই গতকাল দুপুরে তাঁর মৃত্যুর খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে যান।
হাসপাতালের কর্তব্যরত নিরাপত্তাকর্মী সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসায় ছাত্রীর মৃত্যু হওয়ার অভিযোগ তুলে ৩০-৪০ জন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে হাসপাতালের অভ্যর্থনাকক্ষে গিয়ে চড়াও হন। একপর্যায়ে জরুরি বিভাগের কয়েকটি কক্ষ ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় তাঁরা কর্তব্যরত কর্মীদেরও মারধর করেন। ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ হাসপাতালের অনকোলজি বিভাগের একজন নারী চিকিৎসককে হামলার কবল থেকে রক্ষা করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।
গতকাল বিকেলে দেখা যায়, সেন্ট্রাল হাসপাতালের অভ্যর্থনাকক্ষ ও জরুরি বিভাগের কয়েকটি কক্ষের সামনে ভাঙা কাচ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে। জরুরি বিভাগে আফিয়ার জন্য ছাত্র-শিক্ষকেরা কাঁদছিলেন।
আফিয়ার বড় বোন নীহারিকা আফরোজ বলেন, ভুল চিকিৎসায় আফিয়ার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁর লাশ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়িতে রওনা হন।
যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম আমজাদ বাদী হয়ে সেন্ট্রাল হাসপাতালের একজন পরিচালক, একজন অধ্যাপকসহ নয়জন চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি ও হাসপাতালের পরিচালক এম এ কাশেমকে গ্রেপ্তার করেছে।