ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার একটি হাসপাতালে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা গত শুক্রবার হাসপাতালটিতে ভাঙচুর চালান ও এক চিকিৎসককে লাঞ্ছিত করেন। ওই রোগীরা হলেন: উপজেলার কাচুটিয়া গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী বিলকিস বেগম (৪০) ও পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী শামঞ্চী আক্তার (৩০)। বড়াইগ্রাম থানার পুলিশ, বিলকিসের আত্মীয়স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার স্থানীয় আমিনা হাসপাতালের মালিক ও চিকিৎসক আনসারুল হক বিলকিস বেগমের অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করেন। এর পর থেকে বিলকিসের দেহে পানি জমে অস্বাভাবিক ফুলে যায়। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তাঁর পুনরায় অস্ত্রোপচার করা হয়। কিছুক্ষণ পর তিনি মারা যান। এ সময় তাঁর স্বজনেরা কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমানকে লাঞ্ছিত ও হাসপাতালের আসবাব ভাঙচুর করেন। পরে বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহফুজের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর রোগী শাম্মী আক্তারের পরিবারের ভাষ্যমতে, একই হাসপাতালে গত ২৩ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে শামঞ্চী আক্তারের সন্তান প্রসব করানো হয়। অস্ত্রোপচারের পরপরই তাঁর কিডনি বিকল হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়ার সময় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও অনভিজ্ঞ লোক দিয়ে অ্যানেসথেসিয়া করার কারণেই শাম্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। চিকিৎসক আনসারুল হক অ্যানেসথেটিস্ট ছাড়াই অস্ত্রোপচারের কথা স্বীকার করে বলেন, ‘কিছু অনিয়ম আছে। পুরোপুরি নিয়ম মেনে হাসপাতাল চালানো সম্ভব নয়। তবে ভবিষ্যতে এসব বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করব।’