ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, চারজন গ্রেপ্তার
পাবনার সাঁথিয়া উপজেলায় অনুমোদনবিহীন বিষ্ণুপুর পাবনা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বুধবার ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপক, সেবিকাসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁথিয়ার বিষ্ণুপুর গ্রামের অনুমোদনহীন বিষ্ণুপুর পাবনা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বুধবার ভোরে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন সুজানগর উপজেলার দুলাই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম (২৫)। সেখানে হাসপাতালের সেবিকা নাজমা খাতুন ও নার্সিংয়ের ছাত্রী আছিয়া খাতুন অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতির বাচ্চা প্রসব করান। নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হলে ওই দুজন এবং হাসপাতালের আয়া শেলী নবজাতককে ভুল পদ্ধতিতে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়।এদিকে এ ঘটনার পর থেকে নবজাতকের মা-ও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থায় প্রসূতির আত্মীয়স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী পালিয়ে যান। পরে প্রসূতিকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।নবজাতকের স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসক না থাকলেও মিথ্যা কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ সেবিকা ও আয়াদের দিয়ে বাচ্চা প্রসব করায়। সেবিকা ও আয়ারা বাচ্চাটিকে অস্বাভাবিকভাবে টানাহেঁচড়া করাতেই তার মৃত্যু হয় বলে তাঁরা অভিযোগ করেন। নবজাতকের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘তারা ডাক্তার আছে বলে নার্স ও আয়াদের দিয়ে ভুল চিকিৎসার মাধ্যমে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’নার্সিং বিষয়ের ছাত্রী আছিয়া খাতুন বলেন, তিনি হাসপাতালের সেবিকা নাজমা খাতুনের সহকারী হিসেবে প্রসবকালে উপস্থিত ছিলেন। প্রসবের পর বাচ্চাটি জীবিত ছিল জানিয়ে তিনি বলেন, ‘বাদবাকি নাজমা ম্যাডাম জানেন।’হাসপাতালের পরিচালক কফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এদিকে এ ঘটনায় নবজাতকের বাবা শফিকুল ইসলাম বুধবার রাতে হাসপাতালের পরিচালক কফিল উদ্দিন, ব্যবস্থাপক আবদুস সালাম, সেবিকা নাজমা খাতুন, আছিয়া খাতুন, আয়া সাথী খাতুন ও শেলী খাতুনকে আসামি করে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেন। পুলিশ নাজমা খাতুন ও কফিল উদ্দিন ছাড়া অন্য চারজনকে গ্রেপ্তার করে গতকাল পাবনা জেলহাজতে পাঠিয়েছে।পাবনার সিভিল সার্জন গাজিউল আলম বলেন, ‘রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চালানোর অনুমোদন ওই হাসপাতালের নেই। সাঁথিয়ার ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে ও অস্ত্রোপচার কক্ষ সিলগালা করতে বলেছি।’সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশীদ বলেন, ঘটনার পর থেকেই হাসপাতালের পরিচালক কফিল উদ্দিন পলাতক। সেবিকা ও আয়াদের দিয়ে অস্ত্রোপচার করাতে গিয়ে দুঃখজনক এ ঘটনা ঘটেছে।