ফেনীর দাগনভূঞায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে গত বুধবার রাতে একটি বেসরকাির হাসপাতালে ভাঙচুর করেছেন রোগীর স্বজনেরা।
সূত্র জানায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সির বাজার এলাকার আবুল কাশেমের স্ত্রী মনোয়ারা আক্তারকে (৩২) প্রসব বেদনার কারণে বুধবার সকালে দাগনভূঞা উপজেলা সদরের বেসরকাির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর স্বজনদের অভিযোগ, রাত আটটার দিকে কোনো চিকিৎসক ছাড়াই একজন সেবিকার দায়িত্বে সন্তান প্রসব করানো হয়৷ সেবিকার টানাহেঁচড়ার কারণে নবজাতকের মৃত্যু হয় ও প্রসূতির প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নবজাতকের মৃত্যুর ঘটনা জানাজানি হলে প্রসূতির বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর শুরু করেন। এ সময় ভয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান৷ দাগনভূঞা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ প্রসূতির আত্মীয় এনায়েত উল্লাহ জানান, এ ঘটনার পর প্রসূতিকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেষ্টা করেও পপুলার হাসপাতালের দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি৷