ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম শাহীনা আক্তার (২৫)। তিনি শহরের দক্ষিণ পৈরতলা এলাকার জালাল মিয়ার স্ত্রী ও একই গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে। তাঁর মৃত্যুর কথা শুনে আত্মীয়রা ওই ক্লিনিকে জড়ো হন। সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত রাখে।
ওই নারীর পরিবার সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর নিউ ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল নামের একটি ক্লিনিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ হালিমা নাজনীনের তত্ত্বাবধানে অন্তঃসত্ত্বা শাহীনার অস্ত্রোপচার করা হয়। শাহীনা একটি কন্যাসন্তান জন্ম দেন। ২ জানুয়ারি ক্লিনিক থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাড়ি যান। গত সোমবার রাতে তাঁর কাশির সমস্যা দেখা দেয়। গতকাল বেলা ১১টার দিকে তাঁকে আবার ওই ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁকে বিভিন্ন ওষুধ ও ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন। ভর্তির এক ঘণ্টা পরই শাহীনা মারা যান।
শাহীনার স্বামী সোহেল মিয়া বলেন, ক্লিনিকের সেবিকারা শাহীনাকে এক ইনজেকশন একাধিকবার দিয়েছেন। তাঁর মৃত্যুর জন্য চিকিৎসকদের ভুল চিকিৎসা ও সেবিকাদের অবহেলা দায়ী। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
শাহেদ মিয়া নামে ক্লিনিকের মালিকপক্ষের একজন বলেন, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত শাহীনাকে খুবই সংকটাপন্ন অবস্থায় ক্লিনিকে আনা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ সৈয়দা মাসুমা কাওছার শাহীনাকে বিভিন্ন ওষুধ ও পরীক্ষার পরামর্শ দেন। রোগীর কথা শুনে চিকিৎসক হালিমা নাজনীনও ক্লিনিকে আসেন। চিকিৎসকের পরামর্শে শাহীনাকে ইনজেকশন দেওয়া হয়। চিকিৎসক ও সেবিকাদের অবহেলা ছিল না।
সৈয়দা মাসুমা কাওছার বলেন, শাহীনার শ্বাসকষ্টের সমস্যাটা বেশি ছিল। গলা পর্যন্ত কাশি জমে গিয়েছিল। তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তাঁকে আরও আগেই ঢাকায় নেওয়া উচিত ছিল। কিন্তু তাঁর পরিবারের লোকজন অবহেলা করেছে। এখন চিকিৎসকের ওপর দোষ চাপাচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বলেন, ‘ঘটনা শুনে ওই ক্লিনিকে গিয়েছিলাম। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’