ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ হাসপাতাল ভাঙচুর
চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের মালিককে গ্রেপ্তারের পর রহস্যজনক কারণে তাঁকে ছেড়ে দেয় কাপাসিয়া থানার পুলিশ। গত মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এদিকে ওই প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ ব্যক্তিরা হাসপাতালে ভাঙচুর করেছে।স্বজনেরা জানান, কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের সবজি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের স্ত্রী নাজমা আক্তার (৩৭) গত ৭ জানুয়ারি ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আগের সন্তান জন্মদানের সময়ও তাঁর অস্ত্রোপচার হয়। এবারও অস্ত্রোপচারের বিষয়টি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসানুর রহমান তাঁর অস্ত্রোপচার করেন। এতে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের হলে তাঁকে রক্ত দিতে গিয়ে ভুলবশত অন্য গ্রুপের রক্ত সরবরাহ করা হয়। বি-পজিটিভের পরিবর্তে ও-পজিটিভ রক্ত দেওয়া হলে মঙ্গলবার সন্ধ্যায় নাজমা আক্তার মারা যান।এ ঘটনায় নিহতের আত্মীয়স্বজন হাসপাতালে ভাঙচুর চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ হাসপাতালের মালিক দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বুধবার সকালে রহস্যজনক কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়।মালিক দেলোয়ার হোসেন জানান, রোগীর আত্মীয়রা ভুল বুঝে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। ভিন্ন গ্রুপের রক্ত সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রসূতির পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেলেও পরবর্তী সময়ে দুই পক্ষ সমঝোতা করায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।