পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পল্লি ক্লিনিকে গতকাল মঙ্গলবার বিউটি বেগম নামের এক প্রসূতির মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিউটি বেগম (৪০) বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী। তাঁর বাবার বাড়ি মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিউটি দুই সপ্তাহ আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। গত সোমবার রাত ১০টার দিকে তাঁর প্রসবব্যথা শুরু হয়। পরে তাঁকে একই গ্রামের পল্লি ক্লিনিকে ভর্তি করা হয়। গতকাল বেলা ১১টার দিকে ক্লিনিকের চিকিৎসক সুব্রত কর্মকার বিউটির অস্ত্রোপচার করেন। বিউটি বেগম একটি ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু অস্ত্রোপচারের পর বিউটির অবস্থা খারাপ হয়ে পড়ে। এ সময় চিকিৎসক তাঁর স্বজনদের রক্তের ব্যবস্থা করতে বলেন। বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিউটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিউটি বেগমের ছোট ভাই শাহ আলম অভিযোগ করেন, চিকিৎসক অস্ত্রোপচারের আগে রক্ত সংগ্রহের বিষয়ে কিছু বলেননি। অস্ত্রোপচারের পর হঠাৎ রক্তের ব্যবস্থা করতে বলেন। রক্তের ব্যবস্থা করার আগেই তাঁর বোনের মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে পল্লি ক্লিনিকের একজন কর্মচারী বলেন, পল্লি ক্লিনিকে কোনো স্থায়ী চিকিৎসক নেই। সুব্রত কর্মকার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা। খণ্ডকালীন চিকিৎসক হিসেবে তিনি পল্লি ক্লিনিকে অস্ত্রোপচার করেন। তিনি অবেদনবিদ নন। অন্য কোনো অবেদনবিদ সেখানে ছিলেন না।
এ বিষয়ে কথা বলতে চিকিৎসক সুব্রত কর্মকারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। এ ছাড়া খুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।
পল্লি ক্লিনিকের মালিক জলিলুর রহমান বলেন, বিউটি বেগমের স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। কিন্তু পরে অস্ত্রোপচার করতে হয়। এরপর জরুরি রক্তের প্রয়োজন পড়ে। কিন্তু তাঁর স্বজনেরা রক্তের ব্যবস্থা করতে দেরি করেন। এতে বিউটি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কা হালদার বলেন, বিউটি বেগমকে মৃত অবস্থায় এখানে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফেরদৌস ইসলাম বলেন, রোগীর পরামর্শপত্রে (প্রেসক্রিপশন) তিনি দেখেছেন, জরুরি প্রসূতিসেবা ও অবেদনবিদের কোনো প্রশিক্ষণ সুব্রত কর্মকারের নেই। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে বিউটির মৃত্যু হয়।
সিভিল সার্জন মুহাম্মদ ফখরুল আলম বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পেলে তদন্ত করে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।