ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের একটি হাসপাতালের ভুল চিকিৎসার কারণে আরিফা বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে আরিফা একটি সন্তানের জন্ম দেন। আজ শনিবার আরিফার মৃত্যু হয়। তবে নবজাতকটি সুস্থ আছে।

ঘটনা তদন্তে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরিফা ঢাকার ধামরাইয়ের বাউখন্ড গ্রামের আবু হানিফের স্ত্রী। নতুন জন্ম নেওয়া শিশুটিসহ তাঁর তিন সন্তান। তিনি স্বামী ও সন্তানদের নিয়ে সাভার পৌর এলাকার বক্তারপুরে থাকতেন।

আরিফার স্বামী আবু হানিফ বলেন, প্রসব ব্যথা ওঠার পর তাঁর স্ত্রীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের থানা রোডের প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত সাতটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম দেন আরিফা। হাসপাতালের পরিচালক ও চিকিৎসক খালেদা খাতুন তাঁর দেহে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর তাঁর স্ত্রীর ক্ষতস্থান দিয়ে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে। তাঁকে সুস্থ করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর দেহে রক্ত দেওয়া হয়। পর্যায়ক্রমে আট ব্যাগ রক্ত দেওয়ার পরেও রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত শুক্রবার রাতে এনাম মেডিকেলে ভর্তির করানোর পর তাঁর দেহে পুনরায় অস্ত্রোপচার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

আবু হানিফ অভিযোগ করেন, প্রাইম হাসপাতালের ভুল চিকিৎসা এবং এনাম মেডিকেলে উপযুক্ত চিকিৎসার অভাবেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।

আরিফার এক আত্মীয় বলেন, অস্ত্রোপচারের সময় একটি রগ কেটে যাওয়ার কারণে আরিফা মারা গেছেন বলে তাঁকে এক চিকিৎসক জানিয়েছেন। আরিফার মৃত্যুর পর তাঁরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এনাম মেডিকেল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ সংক্রান্ত সনদ না দেওয়ায় মামলা করা সম্ভব হয়নি।

এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে চিকিৎসক খালেদা খাতুন কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে তাঁর স্বামী ও প্রাইম হাসপাতালের পরিচালক চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আরিফা মারা গেছেন। এটা এক ধরনের রোগ। অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা হওয়ার সময় প্রসূতিরা এ ধরনের রোগে আক্রান্ত হতে পারে। ভুল চিকিৎসার কারণে তাঁর মৃত্যু হয়নি। তিনি বলেন, অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ শুরু হলে তাঁকে রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে এনাম মেডিকেলে স্থানান্তর করা হয়।

এনাম মেডিকেলের পরিচালক আনোয়ারুল কাদের বলেন, আরিফাকে যখন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় তখন তাঁর দেহ থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। রক্তক্ষরণ বন্ধ করার জন্য শুক্রবার রাতেই তাঁর দেহে পুনরায় অস্ত্রোপচার করা হয়। এর পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু কি কারণে রক্তক্ষরণ হচ্ছিল তা তিনি নিশ্চিত করতে পারেননি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আমজাদুল হক বলেন, ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠায় আজ স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ফারজানা মাকসুরাতকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।