ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল অস্ত্রোপচারে এক প্রসূতির মারা যাওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাহমিনা আক্তার (২৬) নামের ওই প্রসূতিকে গতকাল রোববার বিকেলে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তাহমিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেরোয়া গ্রামের মো. হেলালের স্ত্রী। তাঁর পরিবারের অভিযোগ, ভুল অস্ত্রোপচারের কারণে তাহমিনার মৃত্যু হয়। এতে নবজাতকের মুখও কেটে যায়।
তাহমিনার মামা বিল্লাল হোসেন বলেন, শনিবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাহমিনাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য শারমিন শাহেলা জাহান তাঁর অস্ত্রোপচার করেন। সকাল ১০টার দিকে অস্ত্রোপচার শুরু করলেও দেড়-দুই ঘণ্টা সময় লেগে যায়। দুপুর ১২টার দিকে তাঁরা দেখেন, রোগীর অবস্থার অবনতি হচ্ছে। পরে ওই চিকিৎসক রোগীকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে নোয়াখালী নেওয়ার পথে তাহমিনা মারা যান।
শারমিন শাহেলা জাহান বলেন, সঠিকভাবে রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর রোগী ভালো ছিল। পরে রোগীর হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিলে তাঁকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।