ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ভুল চিকিৎসায় গতকাল রোববার সকালে ববিতা রানী (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় প্রসূতির ক্ষুব্ধ আত্মীয়স্বজন ও এলাকাবাসী গতকাল সন্ধ্যায় লাশ নিয়ে উপজেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে তাঁরা হাসপাতালে গিয়ে ভাঙচুর চালান।তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মন্তাজেরুল মান্নান প্রথম আলোকে বলেন, সঠিক চিকিৎসাই করা হয়েছে। চিকিৎসায় কোনো ভুল ছিল না।প্রসূতির স্বজনেরা জানান, চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামের টিনাত চন্দ্র ঘোষের স্ত্রী ববিতা রানীকে (২০) গত বুধবার ভোরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মন্তাজেরুল মান্নান ও সেবিকাদের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসব করানোর জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু মন্তাজেরুল এ কথা না শুনে তড়িঘড়ি রোগীকে অস্ত্রোপচার করে একটি কন্যাসন্তান প্রসব করান।ববিতা রানীর আত্মীয়দের অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকে প্রসূতির অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাঁকে এদিন বিকেলেই সংজ্ঞাহীন অবস্থায় নোয়াখালী জেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গতকাল তিনি মারা যান।ববিতা রানীর মামা চাটখিল বাজারের ব্যবসায়ী উত্তম চন্দ্র ঘোষ অভিযোগ করেন, ভুল চিকিৎসায় তাঁর ভাগনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, এটি একটি নিছক দুর্ঘটনা।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, হাসপাতাল ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।