ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ হাসপাতালে ভাঙচুর
ব্রাহ্মণবাড়িয়ার কুমারশীল মোড়ে অবস্থিত দি ল্যাব এইড শিশু ও জেনারেল হাসপাতালে গতকাল মঙ্গলবার ভুল চিকিৎসায় শারমিন আক্তার (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক শরীফ মাসুমা ইসমতের বিরুদ্ধে নিহত শারমিনের স্বজনেরা এ অভিযোগ তোলেন। প্রসূতির মৃত্যুর পর স্বজন ও ক্ষুব্ধ লোকজন হাসপাতালে ভাঙচুর চালান।শারমিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামের রুহুল আমিনের স্ত্রী। শারমিনের কন্যাশিশুটি (নবজাতক) সুস্থ রয়েছে বলে জানা গেছে। গৃহবধূর স্বজনরা জানান, সোমবার বিকেলে রোগীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ মাসুমা তাঁর অস্ত্রোপচারের পরামর্শ দেন। রাত নয়টার দিকে অস্ত্রোপচারে শারমিন কন্যাসন্তানের জন্ম দেন। এ সময় রোগীর অবস্থা স্বাভাবিক ছিল। মঙ্গলবার সকালে অতিরিক্ত ওষুধ ও ইনজেকশন দেওয়ায় তাঁর অবস্থার অবনতি হতে থাকে। পরে চিকিৎসকের সামনেই শারমিন মারা যান। রোগীর মৃত্যুর পরই চিকিৎসক, সেবিকা ও কর্মচারীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ লোকজন হাসপাতালের নিচতলার অভ্যর্থনা কক্ষ, তিনতলার ওয়ার্ড মাস্টার, সেবিকা, অস্ত্রোপচার ও অফিসকক্ষের জানালা ও আসবাব ভাঙচুর করেন। চিকিৎসক শরীফ মাসুমার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করা হলে কেউ ধরেনি।