ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর
নওগাঁর মান্দায় অনুমোদনহীন একটি ক্লিনিকে প্রসবকালীন অস্ত্রোপচারের সময় ভুল চিকিৎসায় নার্গিস আক্তার (২৪) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রোগীর আত্মীয়স্বজনসহ ক্ষুব্ধ স্থানীয় লোকজন ক্লিনিকটিতে ভাঙচুর চালান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ সেখানকার এক সেবিকা ও এক আয়াকে আটক করে। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই প্রসূতি নারীর মৃত্যু হয়।
নিহত নারীর ভাই আবদুর রাজ্জাক অভিযোগ করে বেলন, ‘আমার ছোট বোন নার্গিস আক্তারকে প্রসবের জন্য রোববার বিকেলে চৌবাড়িয়া বাজারের অনন ক্লিনিকে ভর্তি করানো হয়। রাত ১১টার দিকে তাঁকে অস্ত্রোপচারের কক্ষে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। কিছু বুঝে ওঠার আগেই কর্তব্যরত চিকিৎসক, তাঁর দুই সহযোগী ও ক্লিনিকের মালিক আশরাফুল ইসলাম সটকে পড়েন। সেবিকা সালমা সুলতানা ও আয়া নাজনীন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের একটি কক্ষে আটক করে রাখা হয়।’
আটক সেবিকা সালমা সুলতানা বলেন, রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারোয়ার আলম স্বরূপ নার্গিসের অস্ত্রোপচার করেন। অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে অস্ত্রোপচারের টেবিলেই ফেলে রেখেই ডাক্তারসহ অন্যরা পালিয়ে যান। সেখানেই নার্গিসের মৃত্যু হয়। তিনি আরও বলেন, নাচোল উপজেলার সাহাপুর গ্রামের আবুল বাশারের ছেলে জামিউল হকের মাধ্যমে চিকিৎসক সারোয়ার আলমকে ডেকে আনা হয়েছিল। তবে এই অস্ত্রোপচারের সময় অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) কে ছিলেন সেবিকা সালমা তা জানাতে পারেননি।
নাচোলের জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মজিবুর রহমান বলেন, জামিউল হক জননী ক্লিনিকে খণ্ডকালীন কাজ করেন। এ ছাড়া চিকিৎসক সারোয়ারের সহযোগী হিসেবেও কাজ করেন তিনি। তবে চিকিৎসা বিষয়ে জামিউলের কোনো সনদ রয়েছে কি না সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এদিকে ঘটনার পর মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উজ জামান ও চিকিৎসা কর্মকর্তা ফজলে রাব্বী ঘটনাস্থল পরিদর্শন করেন। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অ্যানেসথেসিয়াজনিত ত্রুটি ও অস্ত্রোপচারকক্ষের অব্যবস্থাপনার কারণেই প্রসূতির মৃত্যু হয়ে থাকতে পারে।
এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে চিকিৎসক সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আটক সেবিকা ও আয়াকে পুলিশ হেফাজতে নেওয়াসহ নিহত প্রসূতির লাশ উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।