ভুল চিকিৎসায় মা ও যমজ নবজাতকের মৃত্যুর অভিযোগ
গত সোমবার মারা গেছে যমজ নবজাতক। গত বুধবার মারা গেলেন তাদের মা। তিনজনের মৃত্যুতে ওই পরিবারে এখন শোকের মাতম। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা আর অবহেলার কারণে তারা মারা গেছে। তবে চিকিৎসকের দাবি, তাঁদের করার কিছুই ছিল না। জানা যায়, কুমিল্লা সরকারি মহিলা কলেজ সড়কে বাবার বাড়িতে থাকতেন সন্তানসম্ভবা মাহমুদা ফাতেমা আক্তার ওরফে রাভিল। সোমবার তাঁকে ওই এলাকার বেসরকারি ক্লিনিক মাদার কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। সেদিন বিকেলেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান গোলাম আনোয়ার অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় যমজ নবজাতক মারা যায়। এ সময় রাভিলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। তাঁর অবস্থার অবনতি হলে সোমবার রাতেই তাঁকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে তিনি সেখানে মারা যান।রাভিলের স্বামী আবদুল আহাদ মজুমদার বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন, আমার স্ত্রীর জন্ডিস আর দুই সন্তানের একজনের জন্ডিস ও অপরজনের হাম হয়েছিল। এ কারণে তারা মারা গেছে। কিন্তু ছয় মাস ধরে আমার স্ত্রী ওই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ওই সময় তিনি জন্ডিসের কথা বলেননি। এমনকি কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষাও করেননি।’ চিকিৎসক গোলাম আনোয়ার বলেন, ‘চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়নি। জন্ডিসের কারণে তারা মারা গেছে। এ ক্ষেত্রে আমার কিছুই করার ছিল না।’রাভিলের ছোট বোনের স্বামী মনিরুল ইসলাম বলেন, গত ৯ জুন শরীর খারাপ হওয়ার পর রোগীর আলট্রাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য চিকিৎসককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেন, তাঁরা চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।