ভুল চিকিৎসায় মৃত্যু!
খুলনায় ভুল চিকিৎসায় সাদিয়া সোয়াইদা তাজিয়া (১১) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সে খানজাহান আলী সড়কের বাসিন্দা এ কে এম শহীদুল আলমের মেয়ে এবং খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। গত রোববার রাতে নগরের নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে এ ঘটনা ঘটে।
সাদিয়ার পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় সাদিয়ার পেটে ব্যথা শুরু হলে তিনি মেয়েকে ওই ক্লিনিকে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক আরিফুর রহমান শিশুটির অস্ত্রোপচারের প্রস্তুতি নেন। অস্ত্রোপচারের আগে রাত সাড়ে ১০টার দিকে কেবিনে থাকা অবস্থায় ক্লিনিকের সেবিকা রাসনা সাদিয়াকে একটি ইনজেকশন পুশ করেন। সঙ্গে সঙ্গে শিশুটি অচেতন হয়ে পড়ে।
শহীদুল আলম বলেন, ‘ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে আধা মিনিট ছটফট করে অচেতন হয়ে যায়। তখন চিকিৎসকেরা সাদিয়াকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আমরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তাকে ভুল ইনজেকশন দেওয়ায় সে মারা গেছে।’
গতকাল সকালে ক্লিনিকে গিয়ে দেখা গেছে, মূল ফটকে তালা।
আরিফুর রহমান দাবি করেন, সেবিকা রাসনার দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। তাঁকে চাকরিচ্যুত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি। পরে কয়েক দফা কল করেলেও তিনি ফোন ধরেননি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পুলিশের পাহারায় রাসনা ওই ক্লিনিকে চিকিৎসাধীন।