ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, হামলায় চিকিৎসক আহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভুল চিকিৎসার অভিযোগে হামলায় এক চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার বাবুনগর গ্রামের সাজেদা বেগম (৫৫) নামের এক হাঁপানী রোগী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক মো. সৈয়দুল আলম কুরাইশী এ সময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন। রোগীর অবস্থা বিবেচনা করে তাঁকে ইনজেকশন দিয়ে ওয়ার্ডে ভতির নির্দেশ দেন। কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।মৃত্যুর পরপরই রোগীর স্বজনেরা ওই চিকিৎসকের ওপর হামলা চালালে এতে তাঁর মাথা ফেটে যায়। স্বাস্থ্যকেন্দ্রের সহযোগীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসা দেন। তাঁর মাথায় ছয়টি সেলাই করা হয়। রাতে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ২৯ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন।খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে আহত চিকিৎসকের খবর নেন। নিহতের স্বামী মোহামঞ্চদ ইউসুফ সোমবার রাতে বলেন, ইনজেকশনটি দেওয়ার পরই রোগীর শরীর কালচে বর্ণ ধারণ করে। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, এতেই তাঁর মৃত্যু হয়। এদিকে, হামলার প্রতিবাদে চিকিৎসক, কর্মচারীরা গতকাল মঙ্গলবার কর্মবিরতি পালন করেন। সমাবেশ করে তাঁরা নাজিরহাট প্রদক্ষিণ করে হামলাকারীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও বিচার, চিকিৎকদের নিরাপত্তা, বহিরাগতদের প্রবেশ বন্ধ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ দেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ দত্ত ভুল চিকিৎসার বিষয়টি ভিত্তিহীন দাবি করে বলেন, ‘ইনজেকশনটি যথাযথ এবং এটি মেয়াদোত্তীর্ণ ছিল না। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং কাজের পরিবেশের নিশ্চয়তা দানের জন্য কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।’ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া বলেন, হামলায় জড়িত মো. ইউসুফ, পারভেজ ও মোরশেদকে সুনির্দিষ্ট করে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু হয়নি, এটি নিশ্চিত। উচ্ছৃঙ্খল স্বজনেরা যে হামলা করেছে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।