ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ল্যাবএইড হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে গত রোববার রাতে ভাঙচুর হয়েছে। ভুল চিকিৎসায় সেলিনা ইয়াসমিন নামের এক রোগীর মৃত্যুর অভিযোগে তাঁর স্বজনেরা ভাঙচুর চালায়। এ সময় সেলিনা ইয়াসমিনের স্বজনেরাসহ আটজন আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেবল তাদের হাসপাতালে বসে রোগী দেখেন। হাসপাতালের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। সেলিনা ইয়াসমিনের মেয়ে ফারজানা পাশা বলেন, তাঁর মা কিছুদিন ধরে বাতের ব্যথায় ভুগছিলেন। গত শনিবার তিনি মাকে নিয়ে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসক মোজাফফর আহমেদের কাছে যান। চিকিৎসক কিছু পরীক্ষা দিয়ে পরদিন দেখা করতে বলেন। ফারজানা অভিযোগ করেন, পরদিন রোববার তিনি মাকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি কিছু ওষুধ ও একটি ইনজেকশন দেন। এর পরই তাঁর মা চিকিৎসকের সামনে হাত-পা ঠান্ডা হয়ে আসছে বলে জানান। এ সময় চিকিৎসকের পরামর্শে তিনি মাকে নিয়ে খিলগাঁওয়ের বাসায় চলে যান।ফারজানা বলেন, রাতে তাঁর মায়ের অবস্থার অবনতি হলে তিনি ফোনে চিকিৎসককে জানান। চিকিৎসক লিখে দেওয়া ওষুধ খাওয়াতে বলেন। ওষুধ খাওয়ানোর পর তাঁর মা অচেতন হয়ে পড়েন। চিকিৎসককে বিষয়টি জানানোর পর তিনি গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে যেতে বলেন। ওই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মাকে মৃত ঘোষণা করেন। ফারজানা আরও অভিযোগ করেন, পরে তাঁরা ল্যাবএইড হাসপাতালে গেলে একজন চিকিৎসকসহ নিরাপত্তাকর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের নিচতলায় ভাঙচুর করেন। পরে ইট ও লোহার রড দিয়ে তাঁদের বেধড়ক পিটিয়ে চিকিৎসাপত্র কেড়ে নেওয়া হয়। এতে তাঁরা পাঁচজনই আহত হন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।চিকিৎসক মোজাফফরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি ল্যাবএইড হাসপাতালের ডায়াগনস্টিক ভবনের দ্বিতীয় তলায় ২০৩ নম্বর কক্ষে রোগী দেখেন।ল্যাবএইড হাসপাতালের প্রশাসনিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুরে মোল্লা বলেন, ভাঙচুরের ঘটনায় হাসপাতালের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রোগীর স্বজনদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনেরা থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনা তদন্ত করে মামলা করা হবে।