ভুল চিকিৎসায় মৃত্যুর পথে মাদ্রাসাছাত্রী
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ মাদ্রাসাছাত্রী মিনা বেগম (১৪) এখন মৃত্যুপথযাত্রী। তার চিকিৎসা ও জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন তার পরিবারের সদস্যরা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও মিনার পরিবার সূত্রে জানা গেছে, মিনা পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের ভ্যানচালক রাজুর (৩৫) ছোট মেয়ে ও নীলকুঠির ডাঙ্গা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। দেড় বছর আগে মিনার বাম পায়ের গোড়ালিতে টিউমার দেখা দেয়। টিউমারটি দেখে ওই মাদ্রাসার সুপার ও হোমিও চিকিৎসক আনিসুর রহমান নিজে অপারেশন করতে আগ্রহ প্রকাশ করেন। এতে মিনার পরিবারের কেউ রাজি না থাকলেও তিনি ২০১৬ সালের ১ অক্টোবর মিনাদের বাড়িতে এসে অনেকটা জোরাজুরি করে ব্লেড দিয়ে টিউমারটি কেটে ফেলে সাতটি সেলাই দেন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পরও ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ ও অবস্থার উন্নতি না হওয়ায় মিনার পরিবার এ অবস্থার জন্য আনিসুরের ভুল চিকিৎসাকেই দায়ী করেন।
অবস্থার অবনতি ঘটলে গত ২৩ অক্টোবর মিনাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা ক্ষতস্থানে ডাক্তারি পরীক্ষার জন্য সুপারিশ করেন। পরে ঢাকায় রোগীর নমুনা পরীক্ষায় মিনার পায়ে ক্যানসারের উপস্থিতির প্রমাণ মেলে।
এদিকে মেয়ের অবস্থার উন্নতি না হওয়ায় মিনার মা মর্জিনা বেগম গত ১৩ অক্টোবর আনিসুরের বিচার দাবি করে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। গত ১৭ অক্টোবর ইউএনও তরফদার মাহমুদুর রহমান অভিযুক্ত আনিসুরকে ডেকে নিয়ে তাঁকে তিরস্কার করেন ও সাত দিনের মধ্যে এ ঘটনার সুরাহার জন্য স্থানীয় মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ. ওহাব মণ্ডলকে নির্দেশ দেন।
২২ দিন পেরিয়ে গেলেও কেন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, এ ব্যাপারে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ওহাব মণ্ডল গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি এখনো গুরুতর অসুস্থ। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। দু-এক দিনের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে তার ক্ষতিগ্রস্ত পা কেটে ফেলার কথা রয়েছে। সে কিছুটা সুস্থ হলে চিকিৎসকের অপকর্মের বিচার করা হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আনিসুর গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি একজন সরকারি নিবন্ধিত চিকিৎসক। সরকার আমাকে চিকিৎসা করার অনুমতি দিয়েছে।’ অস্ত্রোপচার করার অনুমতি আছে কি না? এ ব্যাপারে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে আইন আছে, আইনে আমার যা হওয়ার হবে।’