ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া এলাকায় অবস্থিত বেসরকারি ব্রিটিশ-বাংলা হাসপাতালে ভুল চিকিৎসায় রিনা রানী দাস (৬০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় ওই রোগীর স্বজনেরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছেন৷
গত রোববার রাত সাড়ে ১১টার দিকের ওই ঘটনায় পুলিশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনকে আটক করেছে৷ রিনা সদর উপজেলার হাজিপুর এলাকার মাঝিপাড়ার কালু চন্দ্র দাসের স্ত্রী৷
পুলিশ ও রিনা রানীর স্বজনেরা জানান, রোববার রাত আটটার দিকে পিত্তথিলতে পাথরের অস্ত্রোপচার করাতে রিনা রানীকে ওই হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজনেরা৷ হাসপাতালে দীর্ঘ দেড় ঘণ্টা ধরে অস্ত্রোপচার করার পর চিকিৎসক ফারুক আহমেদ, হাবিবুর রহমান এবং চিকিৎসকের সহকারী প্রণব কুমার অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে রোগীর অবস্থা গুরুতর জানিয়ে পালিয়ে যান৷ পরে স্বজনেরা অস্ত্রোপচার কক্ষে গিয়ে রিনা রানীকে মৃত দেখতে পান৷ খবর পেয়ে মৃত ব্যক্তির অন্য আত্মীয়রা হাসপাতালের সামনে জড়ো হন৷ পরে তাঁরা হাসপাতালে কোনো চিকিৎসক এবং কর্মচারীকে না পেয়ে তাঁরা ভাঙচুর শুরু করেন৷ খবর পেয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ঘটনাস্থলে আসেন৷ পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ পরে নিহতের স্বজনদের তোপের মুখে পড়ে পুলিশ নুরুল আমিনকে আটক করে থানায় িনয়ে যেতে বাধ্য হয়৷
রিনা রানী দাসের ছেলে জীবন চন্দ্র দাস বলেন, ‘ভুল চিকিৎসা করে ডাক্তাররা আমার মাকে মেরে ফেলেছে৷ তা না হলে তাঁরা অবস্থা গুরুতর বলে হাসপাতাল ছেড়ে পালিয়ে গেল কেন?’ অভিযোগের ব্যাপারে চেষ্টা করেও অস্ত্রোপচার করা ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার দত্ত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ নিহতের স্বজনেরা হাসপাতালের কাচ, দরজা, জানালা ও আসবাব ভাঙচুর করেছে৷ এ ঘটনায় হাসপাতালের মালিককে আটক করা হয়েছে৷ গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা হয়নি৷