ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের মেডিস্টার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খালেদা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে রোগীর আত্মীয়স্বজন হাসপাতালটিতে ভাঙচুর করেছে।শহরের ইসদাইর এলাকার বাসিন্দা নিহত গৃহধূর স্বামী দুলাল হোসেন বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী খালেদাকে ৪ ডিসেম্বর শহরের ডন চেম্বার এলাকায় অবস্থিত ওই হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। ওই দিন রাতেই আবার শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে পুনরায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টায় দুটি ইনজেকশন দেওয়ার পরই তাঁর অবস্থার অবনতি হয়। পরে সেখান থেকে তাঁকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।দুলাল হোসেন অভিযোগ করেন, ইনজেকশন দেওয়ার সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। ভুল চিকিৎসার কারণেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।অভিযোগ অস্বীকার করে মেডিস্টার হাসপাতালের ব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, ‘ওই রোগীর অবস্থার অবনতি হলে আমরা তাঁকে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠাই। সেখানে তাঁর মৃত্যু হয়। আমরা যথাসম্ভব রোগীকে সুষ্ঠু চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি।’নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে রোগীর আত্মীয়স্বজন ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর রাতে ওই হাসপাতালের লিফটে মাথা আটকা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।