ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় একটি বেসরকারি হাসপাতালে গত বুধবার রাতে এক প্রসূতির মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় ওই নারী মারা গেছেন অভিযোগ তুলে তাঁর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে।রোগীর স্বজন ও পুলিশ জানায়, উপজেলার উজিলাব গ্রামের ব্যবসায়ী ফারুক হোসেনের স্ত্রী জেসমিন আক্তারকে (২৬) গত বুধবার সন্ধ্যায় মাওনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। অস্ত্রোপচার শেষ হওয়ার কিছুক্ষণ পর জেসমিন মারা যান। ভুল চিকিৎসার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে জেসমিনের স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করে। এ সময় হাসপাতালের মালিক, চিকিৎসক ও সেবিকারা হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী ও রোগীর স্বজনেরা শ্রীপুর-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে বক্তব্য জানতে হাসপাতালের পরিচালক আবদুর রহিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।