ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে গত রোববার ভুল চিকিৎসার কারণে বিলকিস খাতুন (৪০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে উপজেলার তিনটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চারজন রোগীর মৃত্যু হলো।রোববার রাতে বিলকিসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন সামসুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে ভাঙচুর চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন আহত হন। বিলকিস পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যায় সামসুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে বিলকিস বেগমের জরায়ুতে অস্ত্রোপচার করা হয়। মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। এ খবর পেয়ে বিলকিসের স্বজন ও আশপাশের লোকজন ক্লিনিকে ছুটে যান। একপর্যায়ে তাঁরা উত্তেজিত হয়ে ক্লিনিকে ভাঙচুর শুরু করেন।কোটচাঁদপুর থানার ওসি আকরাম হোসেন জানান, ভাঙচুরের খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সাদা পোশাকে ঘটনাস্থলে যান। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হুড়োহুড়ির সময় তিনি মাটিতে পড়ে আঘাত পান।ঝিনাইদহ সিভিল সার্জন নাসরিন সুলতানা জানান, কোটচাঁদপুরের চাঁদ ও কর্ণফুলী নামের দুটি ক্লিনিক বন্ধ করা হয়েছে। তিনি বলেন, বিলকিসের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসক বা ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গত পাঁচ দিনে কোটচাঁদপুরের কর্ণফুলী ক্লিনিকে এক স্কুলছাত্রী এবং চাঁদ ক্লিনিকে সুফিয়া ও আমেনা খাতুন নামের আরও দুই রোগীর মৃত্যু হয়।