ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত রয়েল হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত মৃত রোগীর স্বজনেরা এ ভাঙচুর চালান। পরে পুলিশ এসে হাসপাতালের পরিচালকসহ তিনজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকার বাসিন্দা মো. লোকমান পাটওয়ারী অভিযোগ করেন, শ্বাসকষ্টজনিত কারণে গতকাল সকালে তাঁর মেয়ে মাহমুদা আক্তারকে (১৭) ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান মাহমুদাকে একটি ইঞ্জেকশন দেন। এর পরপরই মাহমুদা মারা যায়। এ খবর পেয়ে মাহমুদার বান্ধবী ও স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। পরে তাঁরা উত্তেজিত হয়ে ভাঙচুর চালান। মাহমুদা এবার চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মাহাবুব মোরশেদ গতকাল সন্ধ্যায় বলেন, হাসপাতালে ভাঙচুরের ঘটনা জানতে পেরে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পুলিশ হাসপাতালের পরিচালক বি এম হারুনুুর রশিদ, ব্যবস্থাপক মাইনুদ্দিন ও ওয়ার্ডবয় লিটন ত্রিপুরাকে আটক করেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।