ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ক্লিনিক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষুব্ধ জনতা জেলা শহরের একটি ক্লিনিকে ভাঙচুর করেছে। মৃত রোগী মো. জাহাঙ্গীর আলমের (৩৫) বাড়ি গাজীপুর পৌর এলাকার কানাইয়া গ্রামে। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। মৃত রোগীর স্বজন ও ক্লিনিক সূত্র জানায়, অ্যাপেনডিসাইটিসের ব্যথা নিয়ে ২ ফেব্রুয়ারি জাহাঙ্গীর শহরের গাজীপুর ক্লিনিকে ভর্তি হন। পরদিন চিকিৎসক জামাল হোসেন তাঁর অস্ত্রোপচার করেন। ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে জাহাঙ্গীর মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাইক্রোবাসের চালক ও জাহাঙ্গীরের স্বজনেরা ক্লিনিকের সামনের সড়কে বিক্ষোভ করেন এবং ক্লিনিকের দরজা-জানালা, অস্ত্রোপচারের কক্ষের কাচসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ, মৃত রোগীর স্বজন ও পরিবহন-নেতাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠকে মৃত রোগীর পরিবারকে চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিলে পরিস্থিতি শান্ত হয়। ক্লিনিকের মালিক মো. শাহ আলম বলেন, চিকিৎসকের অবহেলায় বা ভুলে ওই রোগীর মৃত্যু হয়নি। ভাঙচুর ঠেকাতে ওই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।