ভুল চিকিৎসায় শ্রমিকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় এক পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় আবু বক্কর সিদ্দিক (২৪) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত চিকিৎসকের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার নওগাঁ শহরে লাশ নিয়ে নির্মাণশ্রমিকেরা বিক্ষোভ করেছেন।আবু বক্কর নওগাঁ শহরের মাস্টারপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল হামিদ। সোমবার দুপুরে আবু বক্করের লাশ নিয়ে শ্রমিকেরা শহরের গোস্তহাটির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুক্তির মোড়ে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।মিছিলে অংশ নেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, আবু বক্কর সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে গোস্তহাটি মোড় এলাকার নিরাময়ী মেডিকেল স্টোর নামের একটি ওষুধ বিক্রির দোকানে নিয়ে যায়। এ সময় চিকিৎসক আঙ্গুরের ভুল চিকিৎসায় আবু বক্কর মারা যান। পরে দোকানে তালা লাগিয়ে চিকিৎসকসহ অন্যরা পালিয়ে যান। পল্লি চিকিৎসক আঙ্গুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজম্মেল হক জানান, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।