বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, ভুল চিকিৎসার কারণে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ প্রতিবন্ধী জীবন যাপন করছে। দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজারের কিছু বেশি। এদেরই ৩ শতাংশ ভুল চিকিৎসার কারণে প্রতিবন্ধী।
প্রতিবন্ধী মানুষের এই তথ্য দেওয়া হয়েছে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৬’ শীর্ষক প্রতিবেদনে। দেশের ২ হাজার ১২টি নমুনা এলাকার ২ লাখ ২০ হাজার ৮৭২টি খানার তথ্য নিয়ে বিবিএস এই প্রতিবেদন তৈরি করেছে। বিবিএস বলছে, দেশে জনসংখ্যা এখন ১৬ কোটি ১৭ লাখ।
কিছু মানদণ্ডের ভিত্তিতে বিবিএস প্রতিবন্ধিতার তথ্য সংগ্রহ করে। দেখার, শোনার, ঘুম থেকে ওঠার এবং অসুস্থতার কারণে মনে রাখার সমস্যাকে প্রতিবন্ধিতা বলা হয়েছে। এসব বিষয়ে তথ্য সংগ্রহ করে বিবিএস বলছে, দেশে প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়জন প্রতিবন্ধী। তবে এই পরিসংখ্যান মানতে রাজি নন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. রজব আলী খান। তাঁর ধারণা, কোনো না কোনোভাবে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এক কোটির ওপরে।
প্রতিবন্ধিতার পাঁচটি কারণ চিহ্নিত করেছে পরিসংখ্যান ব্যুরো। প্রধান কারণ জন্মগত। ৫১ শতাংশ, অর্থাৎ প্রায় ৭ লাখ ৪২ হাজার মানুষ জন্মগতভাবে প্রতিবন্ধী। এ বিষয়ে জানতে চাইলে নবজাতক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিটাগং রিসার্চ ইনস্টিটিউট ফর চিলড্রেন সার্জারির পরিচালক অধ্যাপক তাহমিনা বানু প্রথম আলোকে বলেন, বংশ ও পরিবেশগত কারণে নবজাতকের ত্রুটি দেখা দিতে পারে, যা প্রতিবন্ধিতার কারণ। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, ভেজাল খাদ্য, গর্ভাবস্থায় ধূমপান বা সাধারণ ধূমপান, গর্ভাবস্থায় ভুল ওষুধ সেবন—এসব কারণে সুস্থ জন্ম বাধাগ্রস্ত হয়। প্রসবে জটিলতা বা দীর্ঘায়িত প্রসবও (প্রলঙগ্ড লেবার) প্রতিবন্ধিতার কারণ।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ৪৩ হাজার ৬৫০ জন প্রতিবন্ধী জীবন যাপন করছে কোনো না কোনো সময়ে ভুল চিকিৎসার কারণে। ভুল চিকিৎসার কারণে প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি পুরুষের তুলনায় নারীর বেশি। তবে কোন ধরনের ভুল চিকিৎসায় এসব মানুষ প্রতিবন্ধিতার শিকার হয়েছে, সেই ব্যাখ্যা প্রতিবেদনে নেই। রোগব্যাধির কারণে প্রতিবন্ধী হয়েছে, দেশে এমন মানুষের সংখ্যা প্রায় ৩ লাখ ৮ হাজার।
বিবিএসের যুগ্ম পরিচালক এ কে এম আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘কিছু সমস্যা তো আছেই চিকিৎসার ক্ষেত্রে। যেমন যথাযথ রোগ নির্ণয় করতে না পারার অভিযোগ আছে। এ ছাড়া বিরাটসংখ্যক মানুষ সনদহীন চিকিৎসকদের কাছে চিকিৎসা নেন। ফলে ভুল চিকিৎসার সুযোগ আছে।’
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সাবেক সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন প্রথম আলোকে বলেন, ‘হাতুড়ে চিকিৎসকদের অপচিকিৎসায় মানুষ প্রতিবন্ধী হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়াই বহু মানুষ দোকান থেকে ওষুধ কিনে খায়। অপ্রয়োজনীয়, অপরিমিত ও ভুল ওষুধের কারণে মানুষ প্রতিবন্ধী হয়।’
প্রতিবন্ধিতার অন্য প্রধান কারণ দুর্ঘটনা। প্রতিবন্ধীদের ১১ দশমিক ২ শতাংশ দুর্ঘটনার কারণে প্রতিবন্ধী হয়েছে। দুর্ঘটনায় প্রতিবন্ধী হওয়ার প্রবণতা নারীর চেয়ে পুরুষের বেশি।
কারা কেমন প্রতিবন্ধী
পুরোপুরি, মাঝারি বা জটিল এবং হালকা—এই তিন ভাগে ভাগ করে প্রতিবন্ধিতার তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিবন্ধীদের ৩১ শতাংশ পুরোপুরি প্রতিবন্ধী। মাঝারি ও হালকা প্রতিবন্ধী যথাক্রমে ৩৯ ও ৩০ শতাংশ।
প্রতিবন্ধী মানুষ শহরের চেয়ে গ্রামে বেশি। অন্যদিকে প্রতিবন্ধিতার হার রংপুর বিভাগে সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম বরিশাল বিভাগে।
পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে সঠিক চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। তিনি বলেন, সরকার প্রতিবন্ধী মানুষের নিবন্ধন করেছে। তাদের পৃথক পরিচিতিমূলক কার্ড দেওয়া হয়েছে। ৭০ হাজার দরিদ্র প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনা বেতনে শিক্ষার সুযোগের পাশাপাশি বিশেষ শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী জনগোষ্ঠী অগ্রাধিকারের তালিকায় আছে।’