ভুল তথ্য দিয়ে আমন্ত্রণ, বক্তব্য বিকৃত করে প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত ‘জাতীয় সংবাদপত্র পাঠক ফোরাম’-এর নামে গত শনিবার ফরিদপুরে প্রথম আলোর বিরুদ্ধে চাতুরীর আশ্রয় নিয়ে বিশিষ্টজনদের মানববন্ধনে হাজির করেছেন আয়োজকেরা। শুধু তা-ই নয়, মানববন্ধনে বিশিষ্টজনদের বক্তব্যও পরদিন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিকৃত করে প্রকাশ করা হয়।গত রোববার পত্রিকা দুটিতে নিজেদের বিকৃত বক্তব্য পড়ে এর প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবল সাহা, সরকারি কৌঁসুলি (পিপি) খসরুজ্জামান, বাউলশিল্পী বাবলু খান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম নাসির।এ ব্যাপারে সুবল সাহা রোববার প্রথম আলোকে জানান, যুদ্ধাপরাধীদের বিচার ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে মানববন্ধন জেনেই তিনি সেখানে গেছেন। তিনি বলেন, ‘প্রথম আলো বা এর সম্পাদককে নিয়ে কোনো কথা হয়নি। মতিউর রহমান আমার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি।’ সুবল সাহা আরও বলেন, ‘আমার হুট করে ওই অনুষ্ঠানে যাওয়া ঠিক হয়নি। যারা (কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন) আমাদের বক্তব্য বিকৃত করে ছেপেছে, প্রথমে আমি তাদের কাছে এর জবাব চাইব, তারপর পরবর্তী করণীয় নির্ধারণ করব। এটা বস্তুনিষ্ঠ কোনো সাংবাদিকতার পর্যায়ে পড়ে না।’ফরিদপুরের পিপি খসরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল আমাকে বলেছিলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে এ কর্মসূচি আহ্বান করা হয়েছে। আমিসহ সব বক্তাই সে বিষয়ে বক্তব্য দিই।’ তিনি বলেন, ‘রোববার ওই দুটি পত্রিকা যেভাবে প্রথম আলো ও এর সম্পাদককে জড়িয়ে সংবাদ পরিবেশন করেছে, তা কোনো বক্তাই বলেননি। আমরা সরল বিশ্বাসে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু আয়োজকেরা চালাকি করে আমাদের ব্যবহার করেছে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, প্রথম আলো মুক্তিযুদ্ধের পক্ষের কাগজ। ওই মানববন্ধনে প্রথম আলো বা অন্য কোনো সংবাদপত্রের বিরুদ্ধে কোনো কথা হয়নি। তিনি বলেন, ‘আমি অন্য বক্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখব।’গোলাম নাসির বলেন, ‘আমাদের বক্তব্য নিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে।’ বাউলশিল্পী বাবলু খান বলেন, ‘আমাদের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে যারা এ কাজ করেছে, তারা সাংবাদিক নয়, সাংঘাতিক। আমি এর প্রতিবাদ জানাই।’প্রসঙ্গত, শনিবার ওই মানববন্ধন আয়োজন সম্পর্কে বাংলাদেশ প্রতিদিন-এর ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল প্রথম আলোকে বলেছিলেন, তিনি তাঁর পত্রিকার ঢাকার কার্যালয়ের নির্দেশে মানববন্ধনের জন্য বিভিন্নজনকে দাওয়াত দিয়েছিলেন।