ভুল তথ্য দেওয়ায় ৭ কর্মকর্তাকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা বোর্ড
শিক্ষা বোর্ড

দেশের বিভিন্ন এলাকার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের একাডেমিক স্বীকৃতি দেওয়ার কাজে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে তিনটি শিক্ষা বোর্ডের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে। ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাত দিনের মধ্যে ভুলের কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতকাল রোববার এই নোটিশ দেওয়া হয়। উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তির অন্যতম শর্ত হলো প্রতিষ্ঠানটির একাডেমিক স্বীকৃতি।

অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের তিনজন হলেন বোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক ও বর্তমানে বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী, কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন ও সাবেক উপপরিদর্শক (বর্তমানে অন্য শাখায়) অদ্বৈত কুমার রায়।
অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে রাজশাহী বোর্ডের তিন কর্মকর্তা হলেন বিদ্যালয় উপপরিদর্শক মোহা. দুরুল হোদা, মঞ্জুর রহমান খান ও বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায়। দিনাজপুর বোর্ডের অভিযুক্ত একজন কর্মকর্তা হলেন বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য। ভুল তথ্য দেওয়ার সময় কর্মকর্তারা যেসব পদে ছিলেন, সেসব পদের নাম উল্লেখ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
তবে অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে একজন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন আজ প্রথম আলোকে বলেন, তিনি এখনো এ ধরনের নোটিশ হাতে পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিভিন্ন বোর্ড থেকে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির জন্য মন্ত্রণালয়ে আবেদন আসে। সেগুলো যাচাই করতে গিয়ে দেখা যায়, ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসির পরীক্ষার তথ্যে ভুল রয়েছে। কোথাও হয়তো ১৫ হওয়ার কথা, সেখানে ৫১ জন বলে দেওয়া হয়েছে। এসব ভুল ধরা পড়ায় ওই সব প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি কেন ভুল তথ্য দিলেন, সে জন্য অভিযুক্ত কর্মকর্তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে গিয়েছিলেন। এ জন্য পরিদর্শন প্রতিবেদনকারী হিসেবে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠানের ভুল তথ্য দেওয়া হয় : ঢাকা শিক্ষা বোর্ডের অধীন চারটি প্রতিষ্ঠান হলো গোপালগঞ্জের মুকসুদপুরের এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয় (সূর্যমুখী)। এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছিলেন শাহেদুল খবির চৌধুরী। বাকি তিনটি প্রতিষ্ঠানের মধ্যে রাজধানীর বাড্ডার সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন আশফাকুস সালেহীন এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মাদারীপুরের রাজৈর গোপালগঞ্জ কে জে এস পাইলট মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন অদ্বৈত কুমার রায়।
রাজশাহী বোর্ডের ১১টি প্রতিষ্ঠান হলো রাজশাহীর পবার বাগসারা বালিকা উচ্চবিদ্যালয়, তানোরের ধানোরা চকপ্রভুরাম উচ্চবিদ্যালয়, পাবনার চাটমোহরের বয়েন উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁর মহাদেবপুরের বিলশিকারি উচ্চবিদ্যালয়, নিয়ামতপুরের ছাতড়া উচ্চবিদ্যালয়, মান্দার এনায়েতপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জের কাজীপুরের পাঁচগাছি বহুমুখী উচ্চবিদ্যালয়, বগুড়ার দুপচাঁচিয়ার সাহারপুকুর বাকিলা উচ্চবিদ্যালয়, নাটোরের বুড়ি বটতলা বালিকা উচ্চবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের এল বি সি আইডিয়াল গার্লস হাইস্কুল ও জামবাড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়।
দিনাজপুরের চারটি বিদ্যালয় হলো গাইবান্ধার সাঘাটার বাদিনার পাড়া উচ্চবিদ্যালয়, ফুলছড়ির চন্দনস্বর উচ্চবিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট বালিকা উচ্চবিদ্যালয় এবং নীলফামারীর ডিমলার উত্তর নাউতারা দ্বিমুখী উচ্চবিদ্যালয়। অভিযুক্ত কর্মকর্তারা এসব বিদ্যালয় পরিদর্শন করেছিলেন।