ভুল তথ্যসংবলিত পাঠ্য বই শেরপুরের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম অধ্যাপক ড. ইয়াজউদ্দিন, বর্তমান প্রধানমন্ত্রীর নাম বেগম খালেদা জিয়া ও বর্তমান বিরোধী দলীয় নেত্রীর নাম শেখ হাসিনা’—এমন ভুল তথ্যসংবলিত বই বগুড়ার শেরপুর উপজেলায় বিক্রি হচ্ছে। এই বইটি শিশুদের পড়ানোর জন্য একটি স্কুলের পাঠ্য পুস্তকে তালিকাভুক্ত করা হয়েছে।উপজেলার তিনটি দোকান থেকে গত রোববার বইটির ২০ কপি উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ওই তিনটি দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করেছে। বইটি ২০০৫ সালের ডিসেম্বরে প্রকাশ করা হয়। প্রকাশক শ ম গোলাম কবীর। বইটির ‘বাংলাদেশের কথা’ সূচিতে রয়েছে উপরোল্ল্লিখিত তথ্য।স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরে ‘বিদ্যাবীথি’ নামের একটি কেজি স্কুল অপূর্ব প্রকাশনীর ‘অপূর্ব সাধারণ জ্ঞান-১’ নামের বইটি স্কুলে পাঠ্য করা হয়েছে।গত রবি ও সোমবার উপজেলা শহরের বিভিন্ন বইয়ের দোকানে গিয়ে দেখা যায়, ওই স্কুলের শিশুদের অনেক অভিভাবকেরা এই বই কিনছেন। একাধিক অভিভাবক জানান, বইটিতে ভুল তথ্য আছে, এটি তাঁরা স্কুলের প্রধান শিক্ষককে জানিয়েছেন। এদিকে ভুল তথ্যসংবলিত বই বাজারে বিক্রির খবর পেয়ে গত রোববার সন্ধ্যায় শহরের বিভিন্ন বইয়ের দোকানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সরকার বই ঘর, রোমান বই ঘর ও জননী বই ঘরে অভিযান চালিয়ে ২০টি বই উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম প্রধান প্রতিটি দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।বিদ্যাবীথি কেজি স্কুলের পরিচালক আবদুল জলিল ও প্রধান শিক্ষক দেবাশিষ সরকার জানান, অপূর্ব সাধারণ জ্ঞান-১ বইটি তাঁরা কেজি শ্রেণীর জন্য স্কুলের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু বর্তমানে এমন ভুল তথ্যসংবলিত বই বাজারে আছে তা তাঁরা জানতেন না। গতকাল মুঠোফোনে প্রকাশক শ ম গোলাম কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে শরিফ হোসেন পাটোয়ারী নামের একজন নিজেকে ওই প্রকাশনীর দায়িত্বশীল ব্যক্তি পরিচয় দিয়ে বলেন, ‘তাঁদের ওই বইটি ২০১১ সালের সংশোধিত সংখ্যা বিভিন্ন বইয়ের দোকানে সরবরাহ রয়েছে। কিন্তু কোনো দোকানে হয়তো পুরোনো বই ছিল, দোকানদার সেই বই বিক্রি করেছেন।’ উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা জানান, ‘ভুল তথ্যসংবলিত বই ওই শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে তালিকাভুক্ত করেছে এ জন্য লিখিত জবাব চাওয়া হবে।’