ট্যারিফ প্রবিধান অনুযায়ী মূল্যবৃদ্ধির সুযোগ নেই
ভুল তথ্যের ভিত্তিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব আরইবির
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ভুল তথ্যের ভিত্তিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) অনুষ্ঠিত গণশুনানিতে এটা ধরা পড়ে। তাই আগামী সোমবারের মধ্যে সঠিক তথ্যাদি উপস্থাপনের জন্য আরইবিকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম বাড়ানোর পর আরইবি আবারও দাম বাড়ানোর প্রস্তাব দেয় বিইআরসির কাছে। তাতে বলা হয়, ‘না লাভ, না লোকসান’ পদ্ধতিতে চলতে হলে আরইবির বিদ্যুতের দাম বর্তমান দামের ওপর আরও নয় শতাংশ বাড়ানো দরকার।কিন্তু বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখেছে, আগের বার দাম বাড়ানোর পর আরইবির পরিচালন ব্যয়ের তুলনায় রাজস্ব আয় বেশি হচ্ছে। তাই আবার বিদ্যুতের দাম বাড়ানোর অবকাশ নেই বলে কমিটি মত দিয়েছে। আরইবির প্রস্তাব সম্পর্কে মূল্যায়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০১২-১৩ অর্থবছরে আরইবির পরিচালন ব্যয়ের তুলনায় রাজস্ব আয় প্রায় ১০২ কোটি টাকা বেশি। কাজেই বিইআরসির ট্যারিফ প্রবিধানমালা অনুযায়ী আরইবির বিদ্যুতের মূল্যহার বাড়ানোর সুযোগ নেই।কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, ২০১১-১২ অর্থবছরে আরইবি সুদ বাবদ আয় করেছে প্রায় ২৭৯ কোটি টাকা। অথচ দাম বাড়ানোর প্রস্তাবের ক্ষেত্র হিসেবে ওই টাকা ধরা হয়নি। এ ছাড়া বিইআরসি ইতিপূর্বে দাম বাড়ানোর সময় আরইবির পদ্ধতিগত লোকসান নির্ধারণ করে দিয়েছিল সাড়ে ১২ শতাংশ। এখনকার প্রস্তাবে আরইবি বলছে, তাদের পদ্ধতিগত লোকসান সাড়ে ১৩ শতাংশ। কিন্তু এই বাড়তি লোকসানের দায় গ্রাহকের ওপর চাপানো সম্ভব নয়।আরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন শুনানিতে বলেন, সুদ বাবদ আয় প্রস্তাবে অন্তর্ভুক্ত না করাটা একটি ভুল। তবে ওই আয় যোগ করলেও আরইবির লোকসান হয়। তাঁর দাবি, দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে বাঁচাতে হলে দাম বাড়ানোর বিকল্প নেই।শুনানিতে আরইবির পক্ষ থেকে বলা হয়, ঘাটতি মোকাবিলায় আরইবিকে ২২০ কোটি টাকা ভর্তুকি দেওয়ার জন্য বিইআরসি নির্দেশনা দিলেও সরকার এখনো সে টাকা দেয়নি। এ অবস্থায় বিইআরসির কাছে নিবেদন, আরইবিকে না লাভ, না লোকসান ভিত্তিতে পুষিয়ে দেওয়া হোক। গণশুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম দাম বাড়ানোর প্রস্তাবটিকে অযৌক্তিক অভিহিত করে বলেন, আরইবির আর্থিক সংকট দেখা দিলে তাদের সরাসরি সরকার ভর্তুকি দিতে পারে।এই প্রেক্ষাপটে বিইআরসির চেয়ারম্যান ইমদাদুল হক শুনানিতে বলেন, যেসব তথ্যের ঘাটতি রয়েছে, তা ৩১ ডিসেম্বরের মধ্যে আরইবিকে জমা দিতে হবে। এরপর মূল্যায়ন করে কমিশন আদেশ দেবে।শুনানিতে কমিশনের অপর দুই সদস্য—সেলিম মাহমুদ ও দেলোয়ার হোসেন এবং ভোক্তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।