র্যাব সদস্যরা ভুল তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করেছিল বলে রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক দাবি করেছেন। সেই সঙ্গে রাজনৈতিক চাপ নয়, অসুস্থতার কারণে তাঁকে পুলিশ ছেড়ে দেয় বলেও জানান তিনি।গত শনিবার রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে একরামুল হক লিখিত বক্তব্যের মাধ্যমে এসব কথা জানান। এ সময় চারঘাট থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিনসহ দলের প্রায় ২৫ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।বাঘা উপজেলার বিনোদপুর এলাকার আম ব্যবসায়ী ইসলাম মণ্ডলের ছেলে হাসান আলী গত ৩১ জুলাই অপহূত হন। পরদিন ১ আগস্ট র্যাব তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব-৫-এর সদস্যরা ছাত্রলীগের নেতা একরামুল, চারঘাট পৌর কাউন্সিলর বুলবুল আহমেদ, তাঁর ভাই টিটন হোসেন, সহযোগী মতিউর রহমান, জাহাঙ্গীর আলম ও মাসুদ রানাকে গ্রেপ্তার করেন। চারঘাটের দলীয় নেতা-কর্মীরা একরামুলের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশ বাধ্য হয়ে অসুস্থ দেখিয়ে একরামুলকে জামিনে মুক্তি দেয়।