ভুল নির্বাচন কমিশনের ভোগান্তি মানুষের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের বাইরে মানুষের লাইন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের বাইরে মানুষের লাইন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

নির্বাচন কমিশনের দুটি ‘ভুল’ ভোগাচ্ছে সাধারণ মানুষকে। প্রথম ভুল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় ব্যক্তির দেওয়া তথ্যগুলো সঠিকভাবে লিখতে না পারা। আর দ্বিতীয়টি হলো ভুল সংশোধনের কাজকে একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখা। কমিশনের ভুলের পেছনে সাধারণ মানুষের কোনো ভূমিকা না থাকলেও মাশুল দিতে হচ্ছে তাঁদেরই।
এই ভোগান্তির সুযোগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ন ও ভোটার তালিকা তৈরি প্রকল্পের কার্যালয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে দালাল চক্র। এই চক্রের সঙ্গে প্রকল্পের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর যোগাযোগ থাকার অভিযোগ আছে। কাজ অনুযায়ী ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয় ভুক্তভোগীদের।
এনআইডি সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রধান কার্যালয়ে গড়ে বারো শ থেকে দেড় হাজার মানুষ সেবা নিতে আসেন। এঁদের মধ্যে তিন-চার শ লোক সেবা না পেয়েই চলে যান।
গত ৩১ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ সংশোধনসহ বিভিন্ন কাজ বিনা মূল্যে করতে পারতেন। পয়লা সেপ্টেম্বর থেকে অর্থের বিনিময়ে সেবা পেতে হচ্ছে। কিন্তু টাকা দিয়েও ভোগান্তি আগের চেয়ে এতটুকু কমেনি। সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হওয়ার পর উন্নতি এটুকুই, দালালেরা এখন আর আগের মতো প্রকল্প এলাকায় চেয়ার-টেবিল নিয়ে প্রকাশ্যে বসেন না।
কয়েকজন কর্মকর্তা বলেন, সহজে জাতীয় পরিচয়পত্র নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি দূর করা যায়। কিন্তু কমিশন সে পথে হাঁটছে না। তাঁদের মতে, সারা দেশে জেলা বা উপজেলা পর্যায় থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের মতো অবস্থা নির্বাচন কমিশনের আছে। শুধু কেন্দ্রীয় সার্ভার থেকে এই সার্ভারগুলোকে সংযুক্ত করা হলেই সমস্যার সমাধান হয়ে যায়। তাঁরা বলেন, এমন একটি উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে। দুই বছরের আগে এ কাজ আর সম্ভব হবে না। ফলে এ সময় সারা দেশে যাঁরা হারানো জাতীয় পরিচয়পত্র তুলবেন বা সংশোধন করবেন, তাঁদের এ ভোগান্তি থাকছেই।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, অনেক মানুষ সেবা নিতে আসছেন। কিছু সমস্যা আছে। সেগুলো দূর করতে করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।
সমস্যা কমিশনের নিজের সৃষ্টি: কেবল একটি জায়গা থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও অন্যান্য কাজের সেবা দেওয়া সম্ভব নয়, এটা কমিশন ২০১১ সালেই উপলব্ধি করে। এ জন্য এর বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়। থানা ও জেলা পর্যায়ে সার্ভার স্টেশনগুলো করার পর এটি করার সিদ্ধান্ত হয়। ২০১৩ সালে এসে কমিশন কেন্দ্রীয় সার্ভার স্টেশন থেকে থানা-জেলায় ভারচুয়াল প্রাইভেট কনেকটিভিটি (ভিপিএন) সংযোগ দিতে দরপত্রও আহ্বান করে। কিন্তু চলতি বছরের আগস্টে এটি বাতিল করে দেওয়া হয়। চারজন জেলা নির্বাচন কর্মকর্তা ও দুজন থানা নির্বাচন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, তাঁদের সার্ভার কেন্দ্রগুলো সম্পূর্ণ প্রস্তুত। সংযোগ দেওয়া হলে মানুষের ভোগান্তি কমবে।
সরেজমিন প্রকল্প কার্যালয়: আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনের সপ্তম তলায় প্রকল্পের প্রধান কার্যালয়টি অবস্থিত। ভবনের নিচতলা ও সপ্তম তলায় আবেদনপত্র গ্রহণ করা হয়। তবে নিচতলায় কোনো তথ্যকেন্দ্র নেই। ভরসা সেখানে দায়িত্বরত আনসার ও দরোয়ানেরা। তাঁরাও সব সময় সঠিক তথ্য দিতে পারেন না। আর দুটি লিফটে সপ্তম তলায় উঠতে নিচে সব সময় লম্বা লাইন থাকে।
প্রকল্প কার্যালয়ের সামনে কথা হয় তাহির আহমেদের সঙ্গে। বাড়ি নড়াইলের লোহাগড়ায়। ঢাকায় এসেছেন জাতীয় পরিচয়পত্রে নিজের জন্মতারিখ ঠিক করতে। গতকাল সকাল থেকে সংশোধনের জন্য টাকা জমাসহ আনুষঙ্গিক কাজ শেষ করে ১২টার দিকে যান আগারগাঁওয়ের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের কার্যালয়ে। সাড়ে ১২টার দিকে তাঁকে বলা হয় এটা তাঁর জেলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দিতে। তাহির বলেন, কেন তাঁর আবেদন জমা নেওয়া হবে না, সেটা কেউ তাঁকে বলছেন না।
গতকাল বেলা একটায় আবেদনপত্র গ্রহণ বন্ধ হয়ে যায়। তখনো লাইনে দাঁড়িয়ে ছিলেন ৩০-৪০ জন। তাঁদের জানিয়ে দেওয়া হলো যে আজ আর জমা নেওয়া হবে না, পরে আসতে হবে। এ নিয়ে কর্মচারীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু হলেও একপর্যায়ে তাঁরা সেখান থেকে চলে যেতে বাধ্য হন।
ব্যাংকে লম্বা লাইন: ১ সেপ্টেম্বর থেকে সেবা পেতে টাকা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এ জন্য অনেকেই প্রথমে প্রকল্প কার্যালয়ে এসে তথ্য নিয়ে পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যাংকের আগারগাঁও শাখায় টাকা জমা দিতে যান। সেখানেও আছে দালালের উৎপাত। লম্বা লাইন বাঁচিয়ে টাকা দিতে চাইলে দালালকে দিতে হয় ১০০ টাকা। আর ফরমের জন্য ১০ টাকা। ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা শাহাবুদ্দীন বলেন, তাঁদের শাখাটি ছোট। এখানে পাসপোর্টের আবেদনের টাকা নেওয়া হয়। প্রতিদিন আরও প্রায় ৪০০ জন জাতীয় পরিচয়পত্রের জন্য টাকা জমা দিতে আসছেন।
দালালেরা সক্রিয়: পরিচয় গোপন রেখে আফসার ও নইম নামের দুজনের সঙ্গে কথা হয়। আফসার বললেন, নিজে করতে গেলে কবে পাবেন ঠিক নেই। তবে এক হাজার টাকা দিলে হারানো কার্ড সাত দিনের মধ্যে তুলে দেবেন। জন্ম তারিখ সংশোধনের রেটও একই। আর নইম বললেন, কার্ডে কম (বয়স) দেখাতে চাইলে তিন হাজার টাকা লাগবে।
আলাপকালে দুজনেই বললেন, জমিজমাসংক্রান্ত অনেক কাজে পরিচয়পত্র নিয়ে সমস্যা দেখা দেয়। তখন টাকাও বেশি লাগে। আফসারের দাবি, এক হাজার টাকার কাজ করলে ৩০০ টাকা পান তিনি। বাকিটা অন্যদের দিতে হয়।