ভুল পরিসংখ্যান ও ব্যবসায়ীদের লোভের কারণে খাদ্যের দাম বাড়ছে: খাদ্যমন্ত্রী
দেশে খাদ্য উৎপাদন ও জনসংখ্যার যে পরিসংখ্যান রয়েছে, তা সঠিক নয়। ব্যবসায়ীরা ৪০ টাকা কেজি দরের মিনিকেট চাল ৫২ টাকায় বিক্রি করছেন। অতিমুনাফার লোভ ও ভুল পরিসংখ্যানের কারণে দেশে খাদ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। গতকাল রোববার আবদুর রাজ্জাক মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি সামাজিক দায়িত্ববোধ থেকে বেসরকারি খাতকে খাদ্যনিরাপত্তার জন্য কাজ করার আহ্বান জানান। খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদনের পরিমাণ ও জনসংখ্যা কত, তার পরিসংখ্যানে ত্রুটি আছে। সরকারি হিসাবে তিন কোটি ৩০ লাখ টন চাল উৎপাদন হয়। দেশে চালের চাহিদা সর্বোচ্চ ৩ কোটি টন। ফলে খাদ্য উদ্বৃত্ত থাকার কথা। কিন্তু আমন ও বোরোতে বাম্পার ফলনের পরও চালের দাম বাড়ছে। অভ্যন্তরীণ বাজারে কাজ করার ক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগকারীদের একচেটিয়া ব্যবসার পরিবর্তে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান তিনি। এমসিসিআই এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ পরামর্শক সভার আয়োজন করে। আগামী পাঁচ বছরের জন্য দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মোট ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে তিন বিলিয়ন ডলার জোগান দেবে। বাকি অর্থ বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী সংস্থা থেকে আনতে হবে। সভায় ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, বেসরকারি খাত মুনাফা না পেলে খাদ্যনিরাপত্তায় বিনিয়োগ করবে না। বাকি সাত বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চাইলে বেসরকারি খাত ও এনজিওগুলোকে সমান অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সার ও বীজ খাতে বেসরকারি খাত এরই মধ্যে বিনিয়োগ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ এগ্রো প্রসেসিং অ্যাসোসিয়েশনের সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, ২০০১-২০০২ অর্থবছরে কৃষিপণ্য প্রক্রিয়াজাত খাত ২১ লাখ ডলারের পণ্য উৎপাদন করেছিল। ২০০৯-১০ সালে পাঁচ কোটি ৬০ লাখ ডলারের পণ্য উৎপাদন হয়েছে। কৃষি খাতে আরও বিনিয়োগ আনতে হলে গ্যাস, পানি ও পরিবহনের ক্ষেত্রে সরকারি সহযোগিতা বাড়াতে হবে। ১০ বছরের জন্য কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে ৩০ শতাংশ ভর্তুকি নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বাংলাদেশের মিশনপ্রধান ড্যানিস রোলিংস বলেন, তানজানিয়া, ঘানা, মালি ও বাংলাদেশকে খাদ্যনিরাপত্তায় অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। এমসিসিআইর সভাপতি আমজাদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এফএও সদর দপ্তরের কৃষি ও ভোক্তা সংরক্ষণ বিভাগের প্রিন্সিপাল অফিসার পিটার কেনমোর, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের আক্তার আহমেদ, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নাসের ফরিদ, এফএওর জেড করিম প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য পড়ে শোনানো হয়।