ভুল পাউবোর, খেসারত বেড়া পৌরবাসীর
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ আর সেচখাল দিয়ে ঘেরা বেড়া পৌরসভায় পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা নেই। ফলে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় পৌরসভার বাসিন্দাদের।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে পাউবো অপরিকল্পিতভাবে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও সেচখাল নির্মাণ করাতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পৌর কর্তৃপক্ষ ও পৌরবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর এলাকার বৃষ্টির পানি বিভিন্ন খাল ও নালার মাধ্যমে ইছামতী নদীতে নেমে যায়৷ ১৯৯০ সালে পাউবো ইছামতীর উৎসমুখ বন্ধ করে উত্তর-পূর্ব দিক বরাবর বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। আর ইছামতী নদীকে পরিণত করা হয় পাবনা সেচ প্রকল্পের প্রধান সেচ খালে। এর পরে কয়েক বছর ধরে পৌরসভার দক্ষিণ-পশ্চিম দিক বরাবর নির্মাণ করা হয় সেচ প্রকল্পের সেচখাল। এতে বেড়া পৌরসভা বন্যামুক্ত হলেও বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। অথচ পাউবো জমি অধিগ্রহণের মাধ্যমে যখন কাজ দুটি শুরু করে, তখন শর্ত ছিল বাঁধ ও সেচখাল নির্মাণের জন্য সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতাসহ যেকোনো সমস্যার সমাধান তারাই করবে। জলাবদ্ধতা নিরসনের জন্য পাউবো বেড়া বাজারের পাটপট্টি, বনগ্রাম মসজিদের কাছে এবং ইছামতী নদীর মুখে একটি করে মোট তিনটি স্লুইসগেট নির্মাণ করে৷ অপরিকিল্পতভাবে নির্মিত হওয়ায় সেগুলো কোনো সুফল বয়ে আনেনি। এ ছাড়া গত কয়েক বছরে পৌর কর্তৃপক্ষ রাস্তাঘাট নির্মাণ করায় এবং পৌর এলাকার খাল ও পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতাজনিত সমস্যা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে।
বেশ কয়েকজন পৌরবাসী জানান, প্রতিবছরই বর্ষা মৌসুমে শেখপাড়া, বনগ্রাম, চরপাড়া, সান্যালপাড়া, শাহপাড়া, হাতিগাড়া, বরশিলা, মৈত্রবাঁধা, জোড়দহসহ বেশির ভাগ মহল্লায় তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতার কারণে এসব এলাকায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়৷ জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে চর্মরোগ, ডায়রিয়া, পেটের পীড়াসহ নানা অসুখ-বিসুখ লেগে থাকে।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, শেখপাড়া মহল্লার রাস্তা পানিতে তলিয়ে আছে। এ মহল্লার বেশ কয়েকজনের বাড়ি ও ঘরের ভেতরে পানি। এখানকার রেখা খাতুন (৩৫) বলেন, ‘পানিতে রান্নার চুলা তলায়া আছে। রান্নার উপায় নাই।’ মৈত্রবাঁধা মহল্লায় গিয়ে দেখা যায়, মোজাম্মেল হক, জাফর শেখসহ অনেকের বাড়িতেই নোংরা পানি। রাস্তার অবস্থাও একই রকম হওয়ায় পাশের কয়েকটি মহল্লার বাসিন্দাদের পচা পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। জাফর শেখ বলেন, ‘বর্ষা আলিই আমাগরে এই রকম কষ্ট করা লাগে। আমাগরে কষ্টের কথা কাউন্সিলর, মেয়র সগ্গলকেই জানাইছি। কিন্তু আমাগরে দেখার কেউ নাই।’
বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন বলেন, ‘পাউবো অপরিকল্পিতভাবে বাঁধ ও সেচখাল নির্মাণ করাতেই পৌরসভায় এমন জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাউবোর ভুলে জলাবদ্ধতা নিরসনের বিষয়টি জটিল ও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এর পরেও আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করছি।’
পাউবোর বেড়ার নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, পাউবো পরিকল্পিতভাবেই বাঁধ ও সেচখাল নির্মাণ করেছে। কাজেই জলাবদ্ধতার জন্য পাউবো মোটেও দায়ী নয়। বরং পৌরসভা ও এলজিইডি অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।