ভুল প্রশ্নপত্র নিয়ে বিপাকে তিন হাজার শিক্ষার্থী
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রে অসংখ্য ভুল ধরা পড়েছে। বিদ্যালয়ের তিন হাজার শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে ভুলে ভরা প্রশ্ন নিয়ে বিপাকে পড়েছে। জানা গেছে, গতকাল বুধবার বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। দুই পালায় পরীক্ষায় অংশ নেওয়া দশম শ্রেণীর ইংরেজি প্রশ্নে ৪৪টি, ষষ্ঠ শ্রেণীর প্রশ্নে ৪৯টি, সপ্তম শ্রেণীর প্রশ্নপত্রে ৩০টি ভুল ধরা পড়েছে। একইভাবে নবম, অষ্টম, পঞ্চম, চতুর্থ ও তৃতীয় শ্রেণীর প্রশ্নপত্রেও অসংখ্য ভুল ধরা পড়েছে। প্রশ্নে ভুল থাকায় অনেক শিক্ষার্থী উত্তরপত্রে কী লিখবে তা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে। একপর্যায়ে ইংরেজি শিক্ষকেরা ৪৫ মিনিট পরিশ্রম করে ওই প্রশ্নপত্র ঠিক করে দেন। একাধিক অভিভাবক জানান, পরীক্ষার হলে মেয়েরা অনেক প্রশ্ন ভুলের কারণে বুঝতে পারেনি। এ কারণে জানা প্রশ্নেরও উত্তর দিতে পারেনি। শিক্ষার্থীরা জানায়, ভুলের কারণে তাদের পরীক্ষা ভালো হয়নি। পৌনে এক ঘণ্টা শেষ হয়েছে শিক্ষকদের ভুল ঠিক করে দিতে। সময় বাড়ানো হয়েছে ১০ মিনিট। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, ‘আমাদের এই বিদ্যালয়ের ইতিহাসে এমন ভুলে ভরা প্রশ্ন হয়নি। প্রশ্নে এ রকম ভুল হওয়ায় আমাদের মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’ অন্য এক শিক্ষক জানান, আগে সব প্রশ্নপত্র বরিশালেই মুদ্রিত হতো। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর তিনি ঢাকা থেকে প্রশ্ন ছেপে আনেন।প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘প্রশ্ন আমার দায়িত্বেই হয়েছে। আগে যে স্থান থেকে প্রশ্ন করা হতো, সেখানে জনবল কম থাকায় নতুন স্থান থেকে প্রশ্ন করায় এত ভুল হয়েছে। ৪৫ মিনিট নয়, ১০ মিনিট সময় লেগেছে ভুল সেরে দিতে। ওই সময় শিক্ষার্থীদের বাড়িয়ে দেওয়া হয়েছে।’