ভুল প্রশ্নপত্র বিলি, সময়ও ২৫ মিনিট কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে আজ বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ভুল প্রশ্নপত্র বিলি করা হয়েছে। এ কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট পর পরীক্ষা শুরু হয়। অভিযোগ উঠেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় ২ ঘণ্টা ৪৫ মিনিটের স্থলে পরীক্ষা শেষ করা হয়েছে ২ ঘণ্টা ২০ মিনিটে। 

জেলার শচীন্দ্র ডিগ্রি কলেজ কেন্দ্রে আজ এ ঘটনা ঘটে। হবিগঞ্জ শচীন্দ্র ডিগ্রি কলেজ সূত্রে জানা গেছে, আজ জীববিজ্ঞান (দ্বিতীয়পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হলে এই কেন্দ্রের একটি কক্ষের শতাধিক পরীক্ষার্থীর মধ্যে ভুল প্রশ্নপত্র বিলি করা হয়। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থলে বিতরণ করা হয় জীববিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র। এ প্রশ্নের পরীক্ষা গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এ বিষয়টি পরীক্ষার্থীরা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকদের জানান। পরে শিক্ষকেরা ওই কক্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত রাখেন। তাদের বলা হয়, জীববিজ্ঞান দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র আনা হচ্ছে একটু দেরি হবে। পরে এ কেন্দ্রের দায়িত্বরতরা হবিগঞ্জ জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে। পরে বেলা ১১টা ৪০ মিনিটে ওই পরীক্ষার্থীদের মাঝে নির্দিষ্ট প্রশ্নপত্র বিলি করা হয়। এ সময় পরীক্ষার্থীরা সময় নষ্ট হওয়ার বিষয়ে প্রশ্ন করলে দায়িত্বরত শিক্ষকেরা বলেন, কাউকে কিছু বলো না। যতটুকু সময় ব্যয় হয়েছে সেই সময়টুকুর সুযোগ দেওয়া হবে। শিক্ষকদের এই আশ্বাসে পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া শুরু করে। অতিরিক্ত সময় অনুযায়ী বেলা পৌনে তিনটায় এ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দুইটা ২০ মিনিটে ওই পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র টেনে নিয়ে যান শিক্ষকেরা। এ নিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন পরীক্ষার্থী বলেন, ‘শিক্ষকদের ভুলে আমাদের সময় নষ্ট হয়েছে। তাঁরা সেই বিবেচনা না করে বরং নির্ধারিত সময় থেকে ২৫ মিনিট আগে উত্তরপত্র নিয়ে নিয়েছেন। এ কারণে অনেক পরীক্ষার্থীর আশানুরূপ নম্বর আসবে না।’
জানতে চাইলে হবিগঞ্জ শচীন্দ্র ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস কে ফরাস উদ্দিন শরীফি প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসন থেকে প্রশ্নপত্র বিলি করার সময় উল্টোপাল্টা হয়। তবে পরীক্ষার্থীরা অতিরিক্ত সময় পেয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেন, এ বিষয়টি তিনি জানেন না। কেউ তাঁকে অবহিত করেনি।