ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, ১১৬ শিক্ষার্থী অনিশ্চয়তায়
মেহেরপুরের গাংনী উপজেলায় ১১৬ জন এসএসসি পরীক্ষার্থী বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা ভুল প্রশ্নপত্রে দিয়েছে। পরীক্ষা চলাকালে কক্ষের পরিদর্শক সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্র না দিয়ে পুরোনো পাঠ্যক্রমের প্রশ্নপত্র সরবরাহ করেন। এতে পরীক্ষার ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাংনীর বিভিন্ন বিদ্যালয় থেকে এবার দুই হাজার ১২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে পুরোনো পাঠ্যক্রম অনুযায়ী পরীক্ষা দিচ্ছে ২৫২ জন। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রের ৫ ও ৬ নম্বর কক্ষে নতুন পাঠ্যক্রমের পরীক্ষার্থী ছিল ১১৬ জন। পরীক্ষার্থী রায়হান পারভেজ ও আবদুল্লাহ আল মামুন জানায়, নিয়মানুযায়ী তারা ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের লিখিত পরীক্ষা নতুন পাঠ্যক্রমের সৃজনশীল প্রশ্নপত্রে দেয়। নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় শিক্ষকেরা তাদের নতুন সৃজনশীল প্রশ্নপত্র না দিয়ে পুরোনো পাঠ্যক্রমের প্রশ্নপত্র দেন। বিষয়টি তাত্ক্ষণিকভাবে তারা কক্ষ পরিদর্শকদের জানায়। তখন কক্ষ পরিদর্শকেরা তাদের পুরোনো প্রশ্নপত্রের আলোকেই পরীক্ষা দিতে বলেন এবং তাঁরা বিষয়টি দেখবেন বলে জানান।পরীক্ষার্থীরা জানায়, ৫ নম্বর কক্ষের পরিদর্শকের দায়িত্বে ছিলেন চিত্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আলিম উদ্দিন, জেটিসির মনিরুজ্জামান, কুঠিবাড়ি ভাটপাড়ার ওয়াজেদ আলী ও ধানখোলার শিক্ষক লতিফুন্নেছা ও ৬ নম্বর কক্ষের দায়িত্বে গাংনীর কুঠিবাড়ি ভাটপাড়ার আতিয়ার রহমান, চিত্লার লায়লা আঞ্জুমান আরা, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের নিলুফার ইয়াসমীন ও হিজুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান।৫ নম্বর কক্ষের পরিদর্শক ওয়াজেদ আলী এবং ৬ নম্বর কক্ষের পরিদর্শক আতিয়ার রহমান জানান, হল সুপার তাঁদের কক্ষে যে প্রশ্নপত্র সরবরাহ করেছেন, তাঁরা সে প্রশ্নপত্রই দিয়েছেন। পরে প্রশ্নপত্রটি ভুল বলে পরীক্ষার্থীরা অভিযোগ করলেও সঠিক নির্দেশনা না পাওয়ায় তাঁরা সৃজনশীল প্রশ্নপত্র সরবরাহ করতে পারেননি।গাংনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সুপার আবদুল খালেক বলেন, বিষয়টি কক্ষ পরিদর্শকেরা তাঁকে তাত্ক্ষণিক না জানিয়ে পরীক্ষার শেষে জানিয়েছেন। এই অপরাধের কারণে ওই দুটি কক্ষের সংশ্লিষ্ট আটজন শিক্ষককে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।গাংনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব আবদুল গনি জানান, বিষয়টি যশোর বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জুলফিকার হোসেনকে জানানো হয়েছে। পরীক্ষার্থীরা হল সুপারের মাধ্যমে এ ব্যাপারে তাঁর কাছে আবেদন করলে তিনি সেগুলো বোর্ডে পাঠাবেন।যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রবিউল ইসলাম মুঠোফোনে জানান, এ সমস্যা সমাধানের জন্য হল সুপার ও কেন্দ্রসচিবকে ওই ১১৬ জন পরীক্ষার্থীর রোল নম্বর ও খাতা বোর্ডে পাঠাতে হবে। বোর্ডের কমিটি রোল নম্বর ও খাতা যাচাই করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।