ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, বিপাকে অনিয়মিত তিন পরীক্ষার্থী
এসএসসির পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে অনিয়মিত তিন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। ওই কেন্দ্রের সচিব ও সহকারী কেন্দ্রসচিবের ভুলে এ অবস্থা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই তিন শিক্ষার্থীর নাম আবদুল মালেক, নাজিম উদ্দিন আলম ও মো. হাসান। তারা ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তারা বাংলা বিষয়ে অকৃতকার্য হয়। আবদুল মালেক উপজেলার আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং নাজিম উদ্দিন আলম ও মো. হাসান কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর অনিয়মিত শিক্ষার্থী হিসেবে বাংলা পরীক্ষায় অংশ নেয়। গত সোমবার ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে একজন কক্ষ পরিদর্শক বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম অনুযায়ী প্রশ্ন দিয়ে ওই তিনজনের পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হয়েছে ২০১২-১৩ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমের আলোকে করা প্রশ্নে। তাই ওই তিন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার আশঙ্কা বেশি।
পরীক্ষার্থী আবদুল মালেক, নাজিম উদ্দিন আলম ও মো. হাসান বলে, ‘সিলেবাসের সঙ্গে প্রশ্নের মিল না পেয়ে তাৎক্ষণিকভাবে কক্ষ পরিদর্শকের মাধ্যমে সচিব ও সহকারী সচিবকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু তাঁরা ওই প্রশ্ন দিয়েই পরীক্ষা দিতে হবে বলে সাফ জানিয়ে দেন। এ কারণে আমাদের পরীক্ষা ভালো হয়নি।’
কেন্দ্রসচিব ও কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন বলেন, ‘আমি যথাযথভাবে সহকারী সচিবের কাছে প্রশ্নপত্র বুঝিয়ে দিয়েছি। ভুলের দায়দায়িত্ব আমার না।’
সহকারী সচিব ও কালাইয়া হায়াতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বলেন, ‘ভুল আমার হয়নি। কেন্দ্রসচিব যেভাবে প্রশ্ন বুঝিয়ে দিয়েছেন, সেভাবেই পরীক্ষা নেওয়া হয়েছে।’
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘ভুক্তভোগী পরীক্ষার্থী কিংবা তাদের অভিভাবক অভিযোগ করলে ব্যবস্থা নেব।’