ভুল ফলের যন্ত্রণা ভুলে জিপিএ-৫-এর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করেছিল শাহীন সুলতানা। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও একই ফল হবে—এ আত্মবিশ্বাস ছিল তার। কিন্তু গত ২৯ ডিসেম্বর ফল ঘোষণার পর বন্ধুরা যখন উচ্ছ্বাসে মেতে ওঠে, তখন মুষড়ে পড়ে ছোট্ট সুলতানা। পরীক্ষায় সে পাস করেনি—এটা তার বিশ্বাসই হচ্ছিল না। গতকাল শনিবার পুনর্নিরীক্ষণে প্রত্যাশিত ফল পেয়ে তার আনন্দ যেন আর থামেই না।
প্রথম ফলে দেখা যায়, সব বিষয়ে ‘এ’ প্লাস পেলেও ধর্ম এবং নৈতিক শিক্ষায় পাস করেনি চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশনের শিক্ষার্থী শাহীন সুলতানা। মা-বাবা ও ক্লাসের শিক্ষকেরা নিশ্চিত ছিলেন, সুলতানার (ক্লাসে রোল-২) পরীক্ষার এমন ফল হতেই পারে না। কোথাও কোনো ঝামেলা হয়েছে। পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।
গতকাল শনিবার সকালে জেএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এতে সুলতানা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। প্রথম প্রকাশ করা ফলে সুলতানার মতো একই পরিস্থিতির শিকার হতে হয়েছিল চট্টগ্রামের লোহাগাড়া শাহ পীর পাইলট উচ্চবিদ্যালয়ের শাহ আবদুল্লাহ আরমান ও রাঙামাটির কাপ্তাইয়ের বাংলাদেশ নেভি উচ্চবিদ্যালয়ের সৌমিত্র দাশকে। পুনর্নিরীক্ষণের আবেদন করে দুজনই। গতকাল ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এক মাসের অসহনীয় যন্ত্রণার অবসান ঘটে তাদের।
পুরোনো ফলকে চ্যালেঞ্জ করে ৭ হাজার ৬৭০ পরীক্ষার্থী ১৮ হাজার ৬৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করে। শিক্ষা বোর্ড সূত্র জানায়, এতে অকৃতকার্য থেকে পাস করেছে ৫৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। আর জিপিএ পরিবর্তন হয়েছে ২১৭ শিক্ষার্থীর।
চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই নিশ্চিত ছিলাম সুলতানা সব বিষয়ে জিপিএ-৫ পাবে। কিন্তু তাকে দেখানো হলো অকৃতকার্য। এটি অবিশ্বাস্য। বোর্ডের ভুলে এ ফল এসেছে। তাই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে বলা হয় তাকে। এখন সে তার প্রত্যাশিত ফল পেয়েছে।’
সুলতানার এই ফলে এম এ রহিম ও শিরু তাজ বেগমের সংসারে খুশির জোয়ার বইছে। চার মেয়ের মধ্যে দ্বিতীয় সুলতানাকে নিয়ে আরও বড় স্বপ্ন বুনছেন তাঁরা। মসজিদের ইমাম এম এ রহিম বলেন, ‘প্রথম ফল দেখে আমি নিজেই ভেঙে পড়ি। মেয়ের কথা আর কী বলব। পরে স্যাররা পুনর্নিরীক্ষণ করতে বলেন। এখন মেয়ের ফলে আমি খুবই আনন্দিত।’
অবশ্য মানসিকভাবে নিজের ভেঙে পড়ার বিষয়টি মেয়েকে বুঝতে দেননি এম এ রহিম। বরং প্রতিদিনই সাহস জুগিয়েছেন তিনি। এমনটাই জানাল সুলতানা। উচ্ছসিত কণ্ঠে সে প্রথম আলোকে বলে, ‘ফেল করার বিষয়টি কিছুতেই বিশ্বাস করিনি। বিশ্বাস ছিল পুনর্নিরীক্ষণের পর সঠিক ফল আসবে। শেষ পর্যন্ত তাই হলো।’ ভবিষ্যতে চিকিৎসাশাস্ত্রে পড়ে মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে তার।
সব বিষয়ে পাস করলেও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে অকৃতকার্য দেখানো হয় আবদুল্লাহ আরমানকে। ফল প্রকাশের পর রীতিমতো ঘরবন্দী হয়ে পড়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উকিলপাড়ার প্রাণবন্ত এ ছেলেটি। লোকজনের সঙ্গে কথা বলাও একপ্রকার বন্ধ করে দেয় সে। ছেলের অবস্থা দেখে চিন্তায় পড়ে যান বাবা শাহ আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘ফেল করার পর ঘর থেকে বের হয়নি সে (আরমান)। খাওয়া-দাওয়া করত না। শরীরের ওজন কমে গেছে তিন-চার কেজি। খুব দুশ্চিন্তায় ছিলাম। আজ (শনিবার) সকালে স্কুলশিক্ষকের মাধ্যমে জানতে পারি, সে জিপিএ-৫ পেয়েছে। ছেলের এই ফলে কী যে খুশি হয়েছি, তা বোঝাতে পারব না!’
আবদুল্লাহ আরমান বলে, ‘অনেক বড় বোঝা নেমে গেল। ফেল করব, এটা ছিল আমার কল্পনার অতীত। এখন অনেক আনন্দ লাগছে।’
পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান চট্টগ্রাম পুলিশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন ও লোহাগাড়া শাহ পীর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর। পরীক্ষকদের ভুলের কারণে কোমলমতি শিক্ষার্থীদের দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি করা পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি মারাত্মক ভুল। যেসব পরীক্ষক এর সঙ্গে জড়িত তাঁদের নাম বোর্ডের শৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করব। এরপর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’