ভুল বোর্ডের, খেসারত শিক্ষার্থীদের!
ওরা চারজন এসএসসি পরীক্ষার্থী। ওদের শেষ পরীক্ষা ছিল গত মঙ্গলবার। তাই বেশ আনন্দ নিয়েই ওরা কেন্দ্রে এসেছিল। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর ওদের পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়। প্রবেশপত্রে বিষয়ের নাম ও কোড ভুল হওয়ায় ওদের এই দুঃখজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে। বেড়া উপজেলার বেড়া বালিকা উচ্চবিদ্যালয় ও বেড়া বিবি উচ্চবিদ্যালয় পরীক্ষার কেন্দ্রে অর্থনীতি বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। কক্ষ পরিদর্শকেরা করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের তিনজন ও ধুনাইল উচ্চবিদ্যালয়ের একজন পরীক্ষার্থীর প্রবেশপত্র পরীক্ষা করে দেখতে পান, বিষয়ের স্থানে অর্থনীতির পরিবর্তে পৌরনীতি উল্লেখ করা আছে। এতে কক্ষ পরিদর্শকেরা তাঁদের পরীক্ষা দিতে না দিয়ে পরীক্ষার হল থেকে বের করে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুই বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সময় অর্থনীতি বিষয়টি উল্লেখ করেছিল। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পাঠানো প্রবেশপত্রে বিদ্যালয় দুটির সব শিক্ষার্থীর বিষয়গুলোর নাম সঠিকভাবে এলেও করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের মিম সালেহ, শান্তা ইসলাম ও হাফিজা খাতুন এবং ধুনাইল উচ্চবিদ্যালয়ের ইলিয়াস জামিল রাসেলের প্রবেশপত্রে অর্থনীতির পরিবর্তে পৌরনীতি বিষয়টি উল্লেখ করা অবস্থায় আসে। অথচ ওই দুই বিদ্যালয়ে পৌরনীতি বিষয়ে কোনো ক্লাসই নেওয়া হয় না। মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের তিন পরীক্ষার্থী বেড়া বালিকা উচ্চবিদ্যালয় এবং ধুনাইল উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী বেড়া বিবি উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে কক্ষ পরিদর্শকদের কাছে বিষয়টি ধরা পড়ে। পরীক্ষা না দিতে পেরে শান্তা ইসলাম বলে, ‘আমার সব পরীক্ষাই খুব ভালো হয়েছে। কালকে (মঙ্গলবার) ছিল শেষ পরীক্ষা। ওই পরীক্ষার প্রস্তুতিও ভালো ছিল। এখন আমার জীবন থেকে একটা বছর বুঝি হারিয়েই গেল।’ করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল জলিল বলেন, ‘অর্থনীতি বিষয়ের কোড ১৪১ আর পৌরনীতির ১৪০। আমরা প্রয়োজনীয় কাগজপত্রে সব ছাত্রীর জন্য ঠিকভাবেই বিষয়ের নাম ও কোড উল্লেখ করে বোর্ডে পাঠিয়েছিলাম। কিন্তু বোর্ড থেকে আমাদের তিন ছাত্রীর প্রবেশপত্রে ভুল বিষয় উল্লেখ করা হয়েছে।’