ভুল শিক্ষকদের, মাশুল দুই পরীক্ষার্থীর
বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে রাজশাহীর বাগমারার দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। বিষয়ের মিল না থাকায় কক্ষ থেকে দুই পরীক্ষার্থীকে ফেরত পাঠানো হয়েছে।
গতকাল শনিবার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই দুই পরীক্ষার্থী হচ্ছে বৈলসিংহ উচ্চবিদ্যালয়ের ববিতা খাতুন ও চাইপাড়া উচ্চবিদ্যালয়ের ফরহাদ আলী।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কক্ষপরিদর্শক জানান, গতকাল সকালে ববিতা ও ফরহাদ ভবানীগঞ্জ পরীক্ষাকেন্দ্রে পৌরনীতি বিষয়ের পরীক্ষা দিতে আসে। কক্ষের অন্য পরীক্ষার্থীদের খাতা ও প্রশ্নপত্র দেওয়া হলেও তাদের বের করে দেওয়া হয়। পৌরনীতি বিষয়ের পরীক্ষা তারা দিতে পারবে না বলে জানিয়ে দেয় কেন্দ্র-কর্তৃপক্ষ। পরে তাঁরা বের হয়ে এসে কান্নাকাটি শুরু করে।
ভবানীগঞ্জ পরীক্ষাকেন্দ্রের সচিব মুনসুর রহমান জানান, ওই দুই শিক্ষার্থীর পৌরনীতি বিষয় ছিল না, তারা অর্থনীতি বিষয়ের পরীক্ষার্থী। এ জন্য বোর্ড থেকে তাদের জন্য প্রশ্নপত্র ও খাতা পাঠানো হয়নি। তবে তারা ৩ মার্চের অর্থনীতি বিষয়ের পরীক্ষা দিতে পারবে।
ওই দুই পরীক্ষার্থী জানায়, তারা দুই বছর ধরে পৌরনীতি বিষয়ে পড়ে আসছে। পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতিও নিয়েছে। পরীক্ষাকেন্দ্রে এসে জানতে পেরেছে, তারা ওই বিষয়ের পরীক্ষার্থী নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন হয়েছে বলে অভিযোগ করে তারা।
চাইপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন নিজেদের অবহেলার কথা আংশিক স্বীকার করে বলেন, প্রবেশপত্র আসার পর পরীক্ষার্থীদেরও তা দেখা উচিত ছিল। তবে আগামী ৩ মার্চের পরীক্ষা যেন তারা দিতে পারে, সে জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। দুই বছরের পাঠ্যসূচি (কোর্স) মাত্র দুই দিনে কীভাবে শেষ করতে পারবে এমন প্রশ্ন করা হলে, তিনি তা এড়িয়ে যান।
বৈলসিংহ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল মজিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।