ভুল সিদ্ধান্ত না নিতে নাছিরের আহ্বান
সিদ্ধান্ত নিতে ভুল করলে চট্টগ্রামের উন্নয়ন কঠিন হয়ে পড়বে বলে ভোটারদের সতর্ক করেছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিন। গতকাল বৃহস্পতিবার আগ্রাবাদের বিভিন্ন সরকারি দপ্তরে গণসংযোগ করেন তিনি। এ সময় চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারি দপ্তরে গিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনার বিষয়ে চট্টগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ভোটার হলে যেকোনো প্রার্থী ভোট চাইতে পারেন। তবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজের জন্য বা অন্য কারও জন্য ভোট চাইতে পারবেন না।
আগ্রাবাদ সিজিএস কলোনি সরকারি কার্যভবন-১, কাস্টম হাউস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কার্যালয়, আগ্রাবাদ, হাজিপাড়া, দাইয়াপাড়া, গুলবাগ, শান্তিবাগ হালিশহর হাউজিং এস্টেটের কে-ব্লক এবং এল-ব্লকে গতকাল গণসংযোগ করেন আ জ ম নাছির উদ্দিন।
গণসংযোগে গিয়ে বিভিন্ন এলাকায় ভোটারদের উদ্দেশে নাছির উদ্দিন বলেন, ‘আপনাদের সচেতন থাকতে হবে। সাবেক মেয়র (মনজুর) নানা ছলচাতুরী করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।’
গণসংযোগকালে মনজুর আলমের সমালোচনা করে আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘গত পাঁচ বছরে তিনি নাকি সিটি করপোরেশন পরিচালনায় সরকারি সহায়তা পাননি। এখন প্রশ্ন হচ্ছে, যে সরকারের সহায়তা তিনি পাননি সে সরকার তো আরও প্রায় চার বছর ক্ষমতায় থাকবে। তাহলে মনজুর আলম আবারও যদি মেয়র হন তাহলে সরকারি সহায়তা পাওয়ার নিশ্চয়তা কী? আর এই সরকারি সহায়তা না পেলে তিনি নগরের উন্নয়ন করবেন কীভাবে? তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।’
গণসংযোগে আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেনসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ছিলেন।
দীপু মনির প্রচারণা: সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি নগরের উত্তর ও দক্ষিণ পতেঙ্গা, দক্ষিণ হালিশহর, বন্দরটিলা, ইপিজেড, অলংকার ও কাট্টলী এলাকায় আ জ ম নাছিরের পক্ষে গণসংযোগ ও ২০টি পথসভা করেন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা তাঁর প্রচারণা চলে। এ সময় তিনি সর্বস্তরের নাগরিকদের উদ্দেশে বলেন, ‘আ জ ম নাছির উদ্দিন প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী। যারা গত তিন মাস পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও অর্থনীতি ধ্বংস করেছে তাদের সমর্থিত প্রার্থীকে ভোট দেবেন না। চট্টগ্রামের উন্নয়নের জন্য নাছির উদ্দিনের বিকল্প নেই।’
গণসংযোগের সময় দীপু মনির সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক জিল্লুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরীন আক্তার প্রমুখ।