ভুল সীমানা প্রস্তাবে থানা অনুমোদন!
চট্টগ্রামের কোতোয়ালি থানার সামনে জেনারেল পোস্ট অফিস (জিপিও)। এর বিপরীতে আলকরণ। জিপিও লাগোয়া নিউমার্কেট। কোতোয়ালি থানার সামনের আলকরণ অংশটির দায়িত্ব দেওয়া হয়েছে নতুন গঠিত সদরঘাট থানাকে। স্টেশন রোড থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত দক্ষিণ পাশের রাস্তাটি নতুন এই থানার অন্তর্ভুক্ত। বিভাজকের মাধ্যমে বিভক্ত উত্তর পাশের সড়কটি কোতোয়ালির।
এভাবেই সীমানা নির্ধারণ করে ২০১০ সালে নগর পুলিশ (সিএমপি) থেকে নতুন ছয়টি থানার প্রস্তাব পাঠানো হয়েছিল সদর দপ্তরে। প্রস্তাব অনুযায়ী পরে চারটি নতুন থানার অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো আকবরশাহ, চকবাজার, সদরঘাট ও ইপিজেড থানা। ভুল সীমানা নিয়ে গত ৩০ মে নগরের নতুন চারটি থানার কার্যক্রম শুরু হয়।
থানা চালু হওয়ার পর ভুল সীমানা নিয়ে বিতর্ক দেখা দেয় পার্শ্ববর্তী থানার সঙ্গে। এ ছাড়া একই স্থানে ঘটনা ঘটলে সড়কের উত্তর ও দক্ষিণ পাশের জন্য দুই থানাকে উপস্থিত হতে হচ্ছে। পরে এই ভুল সীমানা সংশোধনের জন্য নতুন সংশোধন প্রস্তাব গত ২২ আগস্ট সদর দপ্তরে পাঠানো হয়। কিন্তু প্রজ্ঞাপন আসার আগেই সংশোধন প্রস্তাব অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণের মৌখিক নির্দেশ দেওয়া হয়।
তবে সংশোধিত প্রস্তাবটি নিয়ে বিতর্ক রয়েছে। তাই গতকাল সোমবার আবার এ নিয়ে সিএমপি কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুল হক সিএমপি কমিশনারের হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সীমানা পুনর্নির্ধারণের মৌখিক আদেশ দেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সিএমপির অতিরিক্ত কমিশনার শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা সর্বশেষ একটি সংশোধনী প্রস্তাব ঢাকায় পাঠিয়েছি। ওটা এখনো পাস হয়নি। তবে ওই প্রস্তাব অনুযায়ী মৌখিক নির্দেশে এখন কাজ চলছে। সংশোধনী আশা করি পাস হয়ে আসবে। নতুন সীমানা নিয়ে কোনো সমস্যা নেই।’
সীমানা বিতর্ক: শুধু কোতোয়ালি নয়, চকবাজার ও আকবরশাহ থানার সীমানা নিয়েও বিতর্ক রয়েছে। চকবাজার থানার অধীনে দেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাস। আবার মেডিকেল কলেজ পড়েছে পাঁচলাইশ থানার অধীনে। আবার প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ও নতুন চকবজারের অধীনে। মোড়ের অপর পাশটি পাঁচলাইশে পড়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে, প্রবর্তক মোড়ে কোনো ঘটনা ঘটলে দুই থানার মধ্যে ঠেলাঠেলি হবে।
অন্যদিকে ফয়’স লেক দ্বিমুখী সড়কের বিভাজক ধরে খুলশী ও আকবরশাহ থানার সংশোধিত প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। মৌখিক নির্দেশে সদরঘাট থানা থেকে আলকরণ ও স্টেশন রোডের অংশ নিয়ে কোতোয়ালিকে দেওয়া হয়েছে।
নেপথ্যে চাঁদাবাজি: নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে সীমানা পুননির্ধারণ করা হয়েছে। এটা উচিত নয়। ফয়’স লেক রোডের পাশে যেসব হোটেল রয়েছে, তাতে অবৈধ কাজ চলে। তাই খুলশী ওটা ছাড়তে চাইছে না। একইভাবে স্টেশন রোডের মাদক ব্যবসা থেকেও মাসোহারা আসে।’
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘কর্তৃপক্ষ যেভাবে নির্দেশ দিয়েছে, সেভাবে কাজ চালাচ্ছি। খুলশীকে যে অংশ দেওয়া হয়েছে, তাতে কিছু হোটেল রয়েছে।’
অনুসন্ধানে জানা গেছে, স্টেশন রোড ও কদমতলী এলাকায় মাদক ব্যবসায় ও চোরাকারবারিদের দৌরাত্ম্য বেশি। তাদের কাছ থেকে পুলিশের একটি অংশ নিয়মিত চাঁদা পায় বলেও অভিযোগ রয়েছে। তাই এই এলাকা কেউ হাতছাড়া করতে চাইছে না।
যোগাযোগ করা হলে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ‘আমরা মৌখিক নির্দেশ পাওয়ার পর সে অনুযায়ী কাজ করছি। এত দিন স্টেশন রোডের দক্ষিণ পাশ, কদমতলী, আলকরণ আমাদের ছিল। এখন ওই দায়িত্ব কোতোয়ালির। তবে এ-সংক্রান্ত কোনো লিখিত আদেশ হাতে পাইনি।’