ভুল সেটে পরীক্ষা, প্রতিবাদে মানববন্ধন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত রোববার এইচএসসি পরীক্ষায় ‘খ’ সেটের স্থলে ভুল করে ‘ক’ সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার নাজমুল স্মৃতি কলেজের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছে।
শিক্ষার্থী, অভিভাবক ও নাজমুল স্মৃতি কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের রসায়ন ও মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সাধারণ ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। এ পরীক্ষায় বোর্ডের সব কেন্দ্রে ‘খ’ সেটের প্রশ্নে পরীক্ষা হলেও নালিতাবাড়ী কেন্দ্রে ‘ক’ সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।
বিষয়টি স্বীকার করে উপজেলা পরীক্ষা তত্ত্বাবধায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, ‘এ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ভুলের জন্য আশা করি পরীক্ষার্থীরা তেমন ক্ষতিগ্রস্ত হবে না।’