ভুল স্থানে উচ্ছেদ, পথে ৩০ খুদে ব্যবসায়ী
ঈদ-পূজা সামনে। ব্যস্ত ব্যবসায়ীরা। হঠাৎ এক ব্যক্তি দাঙ্গা পুলিশ নিয়ে হাজির। হাতমাইক দিয়ে বলা হয়, সময় পাঁচ মিনিট। যার যার দোকান ভেঙে নিয়ে যাও। ভয়ে তটস্থ কয়েকজন ব্যবসায়ী ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে। কিন্তু তাঁরা ঘটনাস্থলে আসার আগেই সব শেষ। গত রোববার রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।
কথিত ওই অভিযানে উচ্ছেদ করা হয় ৩০টি খুদে দোকান। এতে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা। ইউএনও তাঁর কার্যালয়ে ডেকে নেন উচ্ছেদকাজে নেতৃত্বদানকারী আদালতের নাজির ফজলুর রহমানকে। দেখতে চান আদালতের কাগজপত্র। কিন্তু নাজির ফজলুর রহমান যেসব কাগজপত্র দেখান, তাতে ক্ষুব্ধ হন ইউএনও খন্দকার ইসতিয়াক আহম্মেদ। এ সময় ইউএনও জানান,আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কিন্তু অভিযানটি চালানো হয়েছে ভুল জায়গায়।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ি মৌজায় ২৮১ নম্বর এসএ খতিয়ান ও ১৯৪ নম্বর দাগে দুই একর ৩৮ শতক জমি রয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদের নামে এক একর পাঁচ শতক জমির রেকর্ডপত্র রয়েছে। ওই জমি পরিষদের দখলেও রয়েছে। উপজেলা পরিষদের অন্তত পাঁচ শতক জায়গায় দীর্ঘদিন ধরে কয়েকজন দোকানদার টিনের চালা ও পলিথিন দিয়ে অস্থায়ী ঘর তুলে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন। মানবিক কারণে কোনো ইউএনও ওই দোকানদারদের উচ্ছেদ করেননি। রোববার আদালতের নির্দেশে নাজির ফজলুর রহমান ওই দাগের চার শতক জায়গা থেকে দোকানপাট উচ্ছেদ করে বাদীর নামে সাইনবোর্ড ও লাল ঝান্ডা ঝুলিয়ে দেন।
খুদে পান দোকানদার মিজানুর রহমান বলেন, ‘হঠাৎ দেখি, বন্দুক হাতে পুলিশ। একজন মাইকে বলে, পাঁচ মিনিট সময়। দোকান সরিয়ে নাও। আমি কারণ জানতে চাইলে পুলিশের এক সদস্য আমাকে লাঠিপেটা করেন। এটা দেখে ভয়ে অনেক দোকানদার পালিয়ে যান। এ সময় পুলিশের সহযোগিতায় উচ্ছেদ মামলার বাদী শেখ জমির উদ্দিনের লেলিয়ে দেওয়া লোকজন মুহূর্তে সব দোকানপাট গুঁড়িয়ে দিয়ে লুটপাট করে।’
ক্ষতিগ্রস্ত খুদে ব্যবসায়ী আবদুস সামাদ, আফরোজ আলী, নির্মল রায় ও মকলেছ হোসেন জানান, উচ্ছেদের আগে তাঁরা কোনো নোটিশ পাননি। ঈদ-পূজার আগে দোকান উচ্ছেদ করায় তাঁরা পথে বসেছেন।
ইউএনও খন্দকার ইসতিয়াক আহম্মেদ বলেন, ‘আদালতের নির্দেশে নাজির এসে ভুল জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এতে ঈদ-পূজার আগে খুদে দোকানদারেরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। নাজির উপজেলা পরিষদ চত্বরে এসে উচ্ছেদ কার্যক্রম চালালেও তা আমাকে জানাননি। নাজির নিজের ভুল বুঝতে পেরে উচ্ছেদের পর ঝোলানো সাইনবোর্ড ও লাল ঝান্ডা তুলে ফেলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের মাধ্যমে গতকাল সোমবার আদালতে একটি চিঠি পাঠানো হয়েছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী জানান, আদালতের নাজির ভুল জায়গায় উচ্ছেদ অভিযান চালিয়ে খুদে ব্যবসায়ীদের সরিয়ে অত্যন্ত অমানবিক কাজ করেছেন।
এ ব্যাপারে নাজির ফজলুর রহমান বলেন, ‘এলাকার শেখ জমির উদ্দিন নামের এক ব্যক্তি বাদী হয়ে নিখিল গংদের বিবাদী করেবদরগঞ্জ সহকারী জজ আদালতেজামুবাড়ি মৌজার ওই দাগের চার শতক জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য একটি মামলা করেন। এ বিষয়ে আদালত ১১ সেপ্টেম্বর রায় দেন। পরে আদালতের নির্দেশে পুলিশি পাহারায় আমি জায়গা অবমুক্ত করেছি।’ ভুল জায়গায় উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কারও কোনো অভিযোগ থাকলে আদালতে জানাতে পারেন।