ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইমেজ সংকটের কারণে যাঁরা দলের জন্য বোঝা হয়ে আছেন তাঁরা সরে পড়ুন। নেতারা নেতার মতো আচরণ করুন। জমিদারের মতো আচরণ করলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। আওয়ামী লীগ তাঁদের অপকর্মের দায় নেবে না।’

গতকাল বৃহস্পতিবার নগরের পাঁচলাইশ থানাধীন একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোশাররফ হোসেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের অস্তিত্বের ভিত্তিমূলে আঘাত এসেছে। এই মুহূর্তে কোন্দল পরিহার করে একটি এজেন্ডা নিয়ে তৃণমূল নেতাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। আর এটি হচ্ছে জনগণের সঙ্গে ভালো আচরণ করা। আমাদের কৃতকর্মের জন্য ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। মানুষের মন জয় করতে হবে। ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই।’ তিনি বলেন, ‘পাঁচ সিটি নির্বাচনে পরাজিত না হলে আমাদের নিদ্রা ভঙ্গ হতো না। ভুল সংশোধন করে এগিয়ে যেতে হবে। আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়াতে জানে।’

চলতি অর্থবছরেই কর্ণফুলীতে টানেল নির্মাণ শুরু হবে: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি অর্থবছরেই কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। টানেলটি নির্মাণে চীন সরকার আগ্রহ প্রকাশ করেছে।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরের বহদ্দারহাট থেকে কালুরঘাট সড়ক পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ঈদে ঘরে ফিরতে মানুষের কোনো কষ্ট না হয়। সারা দেশে কোনো সড়ক যাতে চলাচলের অনুপযোগী না থাকে, সে জন্য কাজ করে যাচ্ছি।’