ভুল হলে ধরিয়ে দিন, মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যাচার বন্ধ করে গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভুল হলে ধরিয়ে দিন। মিথ্যা বলে বিভ্রান্তি ছড়াবেন না। আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না।’প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের ভাগ্য নয়, জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছি। আমাদের যে আন্তরিকতার অভাব নেই, তা দেশের মানুষ বোঝে।’গতকাল সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তৃতা খণ্ডন করেন এবং জবাব দেন।বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যকে মনগড়া ও অসত্য বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের আদালত যে তাঁর (খালেদা জিয়া) ছেলের দুর্নীতি নিয়ে রায় দিয়েছেন, সে সম্পর্কে তিনি সংবাদ সম্মেলনে কিছুই বললেন না। এ ঘটনায় লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। ৩৪ লাখ টাকা জরিমানা দিয়ে তিনি নিজে কালো টাকা সাদা করেছেন। দুর্নীতির টাকা ছাড়া কালো টাকা হয় নাকি?’দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাঁদের নেওয়া ব্যবস্থার বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বেড়েছে। আমরা সবার বেতন-ভাতা বাড়িয়েছি। মাথাপিছু আয় বেড়েছে। খাদ্যদ্রব্যে ভর্তুকি দিচ্ছি। খোলাবাজারে চাল বিক্রি করা হচ্ছে। রেশন দিচ্ছি।’ তিনি বলেন, ‘রংপুরে এখন আর মঙ্গা নেই। মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। গত দুই বছরে দুই লাখ বেকারকে চাকরি দিয়েছি। জানি না, অন্যরা এটা করতে পেরেছে কি না।’শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী দেশের উন্নতি দেখেন না। উনি তো নিজের উন্নতি করেছেন। ভাঙা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি থেকে তিনি শয়নকক্ষের উন্নতি করেছেন, বাথরুমের উন্নতি করেছেন। এ রকম উন্নতি আমরা করব না। আমরা জনগণের উন্নতি করব।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনের পর ওদের অত্যাচার থেকে গোয়ালের গরুও রক্ষা পায়নি। ছয় বছর থেকে ৫০ বছর বয়সের মেয়েরা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছিল। বরিশাল থেকে ২৫ হাজার লোক বাড়িঘর ছেড়ে গোপালগঞ্জের রামশীলে আশ্রয় নিয়েছিল। এস এ এম এস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়। ২১ আগস্টে গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করা হয়।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা পানির চেয়েও সস্তায় সার দিচ্ছি। আর বিএনপির সময়ে কৃষক সারের জন্য প্রাণ দিয়েছে। স্বাধীনতাবিরোধী নিজামী-মুজাহিদের গাড়িতে খালেদা জিয়া পতাকা তুলে দিয়েছেন। এটা ছিল পাকিস্তানের সঙ্গে তাঁর চুক্তি।’সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, এম এ আজিজ ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সভা পরিচালনা করেন নূহ উল আলম লেনিন।বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত: যথাযোগ্য মর্যাদায় গতকাল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। সকালে ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরাও ছিলেন। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ছাড়াও নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ, জাতীয় গণতান্ত্রিক লীগ প্রভৃতি সংগঠন দিবসটি পালন করে।ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর বক্তব্যে যে মিথ্যাচার করেছেন, তার সুস্পষ্ট জবাব আমরা দেব।’ তিনি বলেন, সরকার ব্যর্থ না সফল, তার বিচার হবে জাতীয় নির্বাচনে। খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের পর খালেদা জিয়াও একটা ভাষণ দিয়েছেন। এখন আমিও যদি একটা ভাষণ দেই, তা হলে অন্য কেউ আবার ভাষণ দিতে চাইবে। তাই এখানেই ভাষণের ইতি টানা উচিত। তবে আমরা তাঁর (খালেদা জিয়ার) অভিযোগের সুস্পষ্ট জবাব দেব।’ সৈয়দ আশরাফ বলেন, ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়।