ভুল হাসপাতাল কর্তৃপক্ষের, দুর্ভোগ রোগীর স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের জন্য রক্ত পরীক্ষা করে ভুল গ্রুপ শনাক্ত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ এক মাস ধরে ওই গ্রুপের রক্ত জোগাড় করতে গিয়ে রোগীর স্বজনদের অনেক টাকা খরচ হয়ে যায়। এতে রোগীর শারীরিক ক্ষতিও হয়। এক মাস পর অস্ত্রোপচার করার উদ্যোগ নেওয়া হয়। অস্ত্রোপচারের আগে নিয়মানুযায়ী আবারও রক্ত পরীক্ষা করা হয়। এরপর দেখা যায়, আগে যে গ্রুপ নির্ধারণ করা হয়েছিল তা ভুল। আগে পরীক্ষা করে ‘এবি’ নেগেটিভ নির্ধারণ করা হয়েছিল। আসলে ওই রোগীর রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ। চিকিৎসকেরা জানান, ওই রক্ত শরীরে ঢুকালে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারত। ওই রোগীর নাম সাবিনা ইয়াসমিন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী। সাবিনার বড় বোন জাহানারা খাতুন জানান, কয়েক মাস আগে সাবিনার জরায়ুতে সমস্যা দেখা দেয়। কিছুদিন পর তিনি তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক অস্ত্রোপচার করার পরামর্শ দেন। এরপর তিনি তাঁর বোনকে শহরের সেবা ক্লিনিকে ভর্তি করেন। অস্ত্রোপচারের আগে রোগীর রক্ত প্রয়োজন বলে জানান চিকিৎসক। জাহানারা খাতুন আরও জানান, রক্তের গ্রুপ পরীক্ষা করতে তাঁরা ১৯ নভেম্বর সদর হাসপাতালে যান। সেখানে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়া হয় রক্তের গ্রুপ এবি নেগেটিভ। হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মাসুদা জাহান স্বাক্ষরিত ওই প্রতিবেদন পাওয়ার পর ওই গ্রুপের রক্ত কোথাও পাচ্ছিলেন না তাঁরা। জাহানারা খাতুন জানান, অনেক জায়গা ঘুরে ১৬ ডিসেম্বর ওই গ্রুপের এক ব্যাগ রক্ত জোগাড় করে তিনি সেবা ক্লিনিকে আসেন। এখানে আসার পর অস্ত্রোপচারের আগে দ্বিতীয় দফা রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এ সময় ধরা পড়ে তাঁর বোনের রক্তের গ্রুপ এবি নেগেটিভ নয়, ‘এ’ পজেটিভ। জাহানারা খাতুন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের এই ভুল তাঁর বোনের জীবন কেড়ে নিতে পারত। এবি নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তাঁদের ১০ হাজার টাকা খরচ হয়েছে। এ ছাড়া নির্ধারিত সময়ে অস্ত্রোপচার করতে না পারায় তাঁর বোনের শারীরিক ক্ষতিও হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট মাসুদা জাহান বলেন, তাঁর ভুলের কারণে এমনটি হয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, তাঁরা বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।