ভুলটা কোথায়, খুঁজছেন মোবাশ্বেরের বাবা

সেদিন ছিল রমজান মাসের শেষ শুক্রবার। কেন জানি, মীর হায়াত কবিরের মনে হয়েছিল ছেলে মোবাশ্বের আজ বাড়ি ফিরতে পারে। চার মাস ধরে সে নিখোঁজ। কোথায়, কীভাবে আছে কিছুই জানেন না বাবা। মনে হয়েছিল, মোবাশ্বের হয়তো ঈদ করতে বাড়ি আসবে।
মোবাশ্বের সেদিন ঠিকই এসেছিল। কিন্তু বাবার কাছে না। বাবা যখন মনে মনে ছেলের জন্য অপেক্ষা করছিলেন, ততক্ষণে মোবাশ্বের গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি করে ফেলেছে সবাইকে। বর্বর হত্যাকাণ্ডে মেতে উঠেছে।
গুলশানের রেস্তোরাঁর ওই হামলায় সন্দেহভাজন পাঁচ জঙ্গির মধ্যে একজন মীর সামেহ মোবাশ্বের। হামলার পরদিন কমান্ডো অভিযানে অন্য হামলাকারীদের সঙ্গে সেও নিহত হয়। সবকিছু জানার পর লজ্জায়, শোকে স্তব্ধ বাবা মীর হায়াত কবির। কী করে এমন হলো? কেন এমন হলো? সামনে অনেক প্রশ্ন। কিন্তু উত্তর মিলছে না।
মোবাশ্বেরকে প্রাচুর্যের মধ্যেই বড় করেছেন বাবা। কখনো কোনো কিছুর অভাব রাখেননি। পড়েছে নামকরা স্কুলে। স্কলাস্টিকা স্কুলের ছাত্র মোবাশ্বের পড়াশোনাতেও ভালো ছিল। ১৮ বছরে পা দিয়েছিল মোবাশ্বের। আইপ্যাডে ছেলের ১৮তম জন্মদিনে তোলা ছবিটির দিকে তাকিয়েছিলেন বাবা মীর হায়াত কবির। ৫৩ বছর বয়সী বাবার চোখে পানি। বিড়বিড় করে বললেন, ‘কোথাও কিছু ভুল হয়ে গেছে।’ ‘কোথাও কিছু ভুল হয়ে গেছে।’
মীর হায়াত কবির বললেন, ‘আমরা মা-বাবা হিসেবে সন্তানদের প্রতি খুবই যত্নশীল। যদি জঙ্গিরা আমাদের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিতে পারে, তাহলে তারা যে–কারও বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিতে পারে। কোনো মা-বাবার বুকেই সন্তান নিরাপদ না।’

বাড়িতে আসা কয়েকজন সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করে মোবাশ্বেরের বাবা মীর হায়াত কবির বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারি না, আমার ছেলে সচেতনভাবে এ কাজ করেছে। তাকে বিপথে নিয়ে যাওয়া হয়েছে।’ মীর হায়াত কবির একটি টেলিকম প্রতিষ্ঠানের নির্বাহী। ছেলের এই পরিণতির জন্য তিনি ইসলামপন্থী উগ্রবাদীদের দায়ী করেছেন। দায়ী করলেন ইন্টারনেটকেও। বললেন, কয়েক মাস আগে ছেলেকে একটি স্মার্টফোন উপহার দিয়েছিলেন। বাবার সন্দেহ, ওই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেই উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ করেছে মোবাশ্বের।
মোবাশ্বেরের বাবা বললেন, যদি উগ্রবাদীরা ভালোবাসায় ভরা এ রকম একটি পরিবারের সন্তানকে, স্কলাস্টিকা স্কুলে পড়া মেধাবী এক কিশোরকে বিপথে নিয়ে যেতে পারে, তাহলে কেউ নিরাপদ না। বাবার কথায়, তাঁর ছেলের ডাইনোসর নিয়ে খুব আগ্রহ ছিল। প্রাণিজগতের বৈচিত্র্যময় খবর জানত। মোবাশ্বেরের বিশেষত্ব ছিল, কোনো কিছু নিয়ে আগ্রহ হলে সেটার একেবারে গভীরে যেত। সে ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করত।
আট বছর আগের কথা মনে করে বাবা বলেন, সপরিবারে তারা ভারতের আগ্রায় যান। সেখানে মোবাশ্বের তাজমহল দেখে। এরপর থেকেই ইতিহাস নিয়ে আগ্রহ জন্মায়। পড়াশোনা শুরু করে। মোগল সম্রাট আকবর ও দেবী দুর্গার ছবি আঁকে মোবাশ্বের। ইতিহাস নিয়ে আগ্রহী হওয়ার পর থেকে মোবাশ্বের পড়াশোনা শুরু করে। বাংলাদেশের ইতিহাস পড়তে থাকে। মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ত। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, নাটক দেখত।
ইংরেজি সিনেমা ও কার্টুন পছন্দ করত মোবাশ্বের। রান্না করাও তার শখ ছিল। প্রায়ই নিজের ও বাবার জন্য নানা রকম খাবার বানাত। নিখোঁজ হওয়ার আগে মোবাশ্বেরের স্বভাবে সে রকম কোনো পরিবর্তন চোখে পড়েনি বাবার। তবে সে ফেসবুক ব্যবহার বন্ধ করে দিয়েছিল। খুব বেশি পড়াশোনা করত। সবকিছুই ঠিক ছিল মোবাশ্বেরের। তবে তার মানসিক পরিপক্বতা কম ছিল। বয়সের তুলনায় সে খুব ছেলেমানুষ ছিল। বন্ধুরা খ্যাপাত মায়ের আঁচল ধরা ছেলে বলে। মোবাশ্বের তাতে মন খারাপ করত।

বড় হয়ে কী হবে, তা নিয়ে নানা স্বপ্ন দেখত মোবাশ্বের। কখনো বলত, সে হিসাবরক্ষক হবে। কখনো ধর্মবিশেষজ্ঞ, কখনোবা সমাজতাত্ত্বিক হতে চাইত। ধর্ম নিয়েও আগ্রহ ছিল মোবাশ্বেরের। বাবা ইংরেজি ভাষায় অনুবাদ করা পবিত্র কোরআন কিনে দিয়েছিলেন।
ছেলের মৃতদেহ শনাক্ত করতে যেতে হবে মীর হায়াত কবিরকে। কিন্তু সে সাহস পাচ্ছেন না তিনি। বললেন, মনে হয় যদি কোনো অলৌকিক ঘটনা ঘটত। দেখতাম, মোবাশ্বের ওই হামলাকারীদের মধ্যে নেই।