ভুলত্রুটি হলে সংশোধনে ব্যবস্থা নেবে ডেসটিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ অনুসন্ধান বা তদন্তের মাধ্যমে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কোনো সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরামের নেতারা। তাঁরা বলেন, চলার পথে কোনো ভুলত্রুটি হলে তা সংশোধনে ডেসটিনি কর্তৃপক্ষ অবশ্যই কার্যকর ব্যবস্থা নেবে।গতকাল সোমবার ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলা হয়। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সদস্যসচিব মাহবুবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক ম্যাক আজাদ, সদস্য মোসাদ্দেক আলী খান, আতাউর রহমান প্রমুখ।লিখিত বক্তব্যে বলা হয়, ‘কতিপয় সংবাদমাধ্যমের বিরূপ প্রচারণা ও আক্রমণাত্মক সংবাদ পরিবেশনের কারণে ডেসটিনি ২০০০ লিমিটেডের ক্রেতা-পরিবেশক ও তাঁদের পরিবার-পরিজন অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দারুণ উদ্বিগ্ন। আমাদের প্রত্যাশা, এই ধরনের নেতিবাচক প্রচারণায় জনগণ বিভ্রান্ত হবেন না এবং সরকারের কেউ প্রভাবিত হবেন না।’ এক প্রশ্নের জবাবে ম্যাক আজাদ বলেন, ‘সরকার তদন্ত করে কিছু পেলে আমরা যেকোনো সিদ্ধান্ত মেনে নেব।’সংবাদ সম্মেলনে ফোরামটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলে ফোরামের আহ্বায়ক বলেন, ডেসটিনির পরিবেশকের স্বার্থরক্ষায় এই ফোরাম গঠিত হয়েছে। তবে এটি কোনো সরকারি সংস্থায় নিবন্ধিত নয়।